টুনটুনিরা বড়ই গাছে
নাচছে তিড়িংবিড়িং,
এঁকেবেঁকে উড়ে ফিঙে
গিলছে ঘাস ফড়িং।
জাম খেয়ে সুর তোলে
কোকিল কুহু কুহু,
আম গাছের সরু ডালে
গাইছে গীত ঘুঘু।
শিমুল ফুলের নির্যাস
শুষছে বুলবুলি,
পুকুর পাড়ে রাজহাঁস
করছে কলকলি।
ডালিম ঠুকে দোয়েল
শিস দেয় চিঁ চুঁ,
লেবুর বনে কোয়েল
ডিম পাড়ে কিছু।
মাছ ধরছে মাছরাঙায়
ছোঁ মেরে জলে,
বকেরা তাই উড়ে যায়
ডানা দুটি মেলে।
ঘরের চালে কাক বসে
করছে কা কা,
শালিক তাই চুপে রাখে
কচি দুটি ছানা।
পরের ঘরে ঘর বানায়
বোকাসোকা চড়ুই,
নিজ ভেবে ঘর সাজায়
পরের গাছে বাবুই।
ময়নাপাখি জেগে থাকে
চোর ধরিয়ে দিতে,
তোতাপাখি ঘুমিয়ে পড়ে
দুধ-কলা খেয়ে।
রচনাকাল: ০৬-০২-২০২৩ইং।
মন্তব্য করুন