তখনো ক্লান্ত দুপুর
বকের পালকে লেগে আছে রোদ
তুই এসেছিলি এক পশলা বৃষ্টির মতো,
মাছরাঙার ঠোঁটে বিকেলের ছোঁয়া,
পড়ন্ত বিকেলে যখন পাখিরা উড়ে যায়
ঝাঁক বেঁধে,
তোর জন্য আমার মন কাঁদে।
অপলক দৃশ্য দেখি সারি বেঁধে উড়ে যায় মেঘ,
শয়নে, স্বপনে, সারাক্ষণ
ছবি আঁকি ক্যানভাসে।
জামরুল গাছের ছায়ায়
তুই আমার প্রেম
কখনও বনলতা,
কখনো হেমন্তের পাখি,
কখনো কোকিলের কুহুকুহু ডাক,
আমার নিঃসঙ্গ জীবনের
এক সঙ্গী ছায়া হয়ে থাকা।
নদীটিও বয়ে গেছে
কুলু কুলু জল ঠিক যেন
তোর মায়াবী চোখের গাঢ় নীল,
কোন একদিন পাড়ে বসে
বকের পাল ও কাশফুল দেখেছিনু
অপলকে।
সে স্মৃতি ভোলা কি যায়?
মনের গভীরে অজান্তেই টেলিভিশনের পর্দায়,
অকপটে একেছি তোর কত ছবি
চলমান হাসি আর কান্নার রূপরেখা।
জানি না কেমন আছিস আজ
কতখানি সুখ আছে বুকে?
নাকি দুঃখের সঙ্গে তুই বেঁধেছিস ঘর?
আমি তো কেবল এক খসে পড়া পালক,
ক্লান্ত বকের।
নদীটিও আজ বেদনার ভারে
ক্ষতবিক্ষত
ভারী হয়ে আছে আমার বুকের ভেতর।
আমি ডাকি…..
তুমি শুনবে নাকি…..?
মনের বাতায়নে রঙ তুলিতে
আজো আঁকি তোর ছবি ।
আজো তোর জন্য মন কাঁদে।
রচনাকাল: ২৭-০৭-২০১৪ইং।
স্থান: শোনলৌহঘর, আখাউড়া।
সময়: সকাল ০৮:০০ টা
মন্তব্য করুন