আমি কি নিজেই কোন এক দারুচিনি দ্বীপের আলাদা মানুষ….
অন্ধকার মুড়ে হাত পা ছুড়ে বসে থাকে যে দ্বীপ
বহু দূরের শূন্যতায়!
নিঃশব্দ, নিঃসঙ্গ এই আমি পালিয়ে বেড়াই
কেবলই পালিয়ে বেড়াতে থাকি নিজের থেকে আড়ালে।
দেশ বলে এখন আর কিছুই নেই আমার
তাতে কী এসে যায়?
আমার একটা শিউলি তলা ছিল,রোজকার যাপিত জীবনে
গোপন অসুখের মতোই—-
কি হত যদি আমি নীল আকাশে মেঘমালা হয়ে জন্ম নিতাম?
মেঘমালা? ওহ্ না—-
এ শব্দ তো স্ত্রী বাচক অর্থ বহন করে:
আমি ঠিক নারী, পুরুষের কিছুই হতে চাইনি….
আমি মেঘ হতে পারতাম,
হতাম যদি বৃষ্টি!
সমুদ্র ভালোলাগে
নিঃশব্দ প্রকৃতি
রৌদ্দুর হলে মন্দ হত না
আমি পৃথক এক আগুন হতে পারতাম,
যে আগুন স্পর্শ করা যায় না
কেউ কেউ সে আগুনের লেলিহান শিখায় জ্বলে পুড়ে ছাই হত…
আমি লগ্ন ভ্রষ্ট এক পথচারী—
সরল অঙ্কের মতো চলছি অচেনা পথে
এ পথ ও দুর্ভেদ্য দুর্গম আর জটিল হয়ে ওঠে–
একটা সাদা ভোর ঘুমিয়ে আছে পথের শেষে,
আমি জাগিয়ে দিলাম, অহেতুক ঘুমকাতুরে!
আমার নিজস্ব কিছু দুঃখ আছে
দুঃখ গুলো একটা কাঁসার কলসে ভরে
নৈঃশব্দ্যের রাত জাগা ভোরে,
পুঁতে রেখেছি মাটির তলে।
একদিন যদি একটা দুঃখ গাছ জন্মায়
যতটুকু দুঃখ নিয়ে একজন নারী বেঁচে থাকে
তার’চে ঢের পাঁচ গুণ দুঃখ আমার ভেতরে বাস করে।
আমার একটা প্রশ্ন জাগে মনে
এত দুঃখ নিয়ে কেউ -ই কি কখনো কবিতা লিখতে পারে?
কতদিন আমি নিজের ভেতরে গোটানো ছিলাম…
আমি অন্ধকার রাত্রি ভালোবাসি
এক পা দু’পা করে দূরের নির্জনতা ভাঙতে পারি–
শিউরে ওঠা নির্জনতা আমি হলাম।
একটা প্রাচীন তালপুকুরে আমার একটা স্বপ্ন বন্দি আছে
তবে কি আমি আলাদা কোন মানুষ?
হতেই পারি, না – মানুষ: এই মনুষ্য পৃথিবীতে।
অন্ধকারে পুড়তে পারি ভীষণ
নীল কষ্টের দাবানলে পুড়ে পুড়ে ছাই হব,
একদিন এ পৃথিবী ছেড়ে চলে যাব কবিতার শহরে!
কিংবা নির্জন কোন সমুদ্র অতলে…
এখন আমি বুঝতে পারি ঢের
আমার ক্ষত বিক্ষত দেহ এক নীল আকাশ কষ্ট হয়ে গেছে,
অন্ধকার আর কবিতার সহবাসে
একদিন আমি ঠিক ঠিক পরিপূর্ণ,
প্রিয় কষ্ট বিলাসী এক নারী হয়ে উঠবো !!
রচনাকাল: ১৫-০৬-২০১৯ইং।
মন্তব্য করুন