শিশির কুড়ানো একটি বিমূর্ত ভোর
একটু একটু করে অন্ধকারের আবরণ ছিঁড়ে বেরিয়ে এলো—
সোনালী সকালের বাহুডোরে,
তখনো আমি নিশি নিদ্রায় নিমগ্ন!
ভোরের সূর্যটা লুকোচুরি খেলার ছলে দুর্বা ঘাসের বুকে স্নান করছিল,
তখনো আমি স্বপ্নের করিডোরে ভেসে যাচ্ছি সমুদ্রের চোরা স্রোতে;
চারিদিকে সবুজ প্রকৃতি
অবাধ বৃষ্টিতে ভিজছে স্কুল পড়ুয়া একদল কিশোরী।
ভারী বর্ষণে ভিজছে পুষ্পগুচ্ছ,
স্নিগ্ধ সকালের সাদা মায়া
ঘাস বুকের শিশির ঘাম
আমার স্বপ্নগুলো বৃষ্টির জলকণায় নির্লিপ্ত।
ঘুম ঘোরে আমি একটু লজ্জা পাই
ভোরের শিষ কাঁটা সাদা ঠোঁটে ঘাস শিশিরের মাখামাখি দেখে,
আমার তখন জানা হলো
ওরা ও ভালোবাসতে জানে।
আবার হতেও পারে এটা প্রকৃতির টান
বা ভালোবাসার নির্মিত গল্প।
এক মুহূর্তে স্বপ্নের নিবিড় স্নিগ্ধ ভোরে
এই আমাকে ছুঁয়ে গেল
সাদা বরফের হিম শীতল স্পর্শ!
রচনাকাল: ১২-১২-২০২৪ ইং।
মন্তব্য করুন