অতটা কাছে এসো না
যতটা মেঘের মুখোশ ছিঁড়ে বৃষ্টি নামে
বৃষ্টি আমায় কষ্ট শেখায়-
পৃথিবীতে কত সমুদ্র আছে একা,
ব্যথিত নক্ষত্রের মতোই নিঃসঙ্গ জীবন কাটায়
কালো মেঘে আমার ভীষণ ভয়
কি ভীষণ হিংস্র হয়ে ওঠে:
আমি চাই সাদা মেঘে বৃষ্টি ঝরুক
এ আমি ভীষণ চাই;
আমি সূর্যহীন কোনো দিন চাই না
জ্যোৎস্নাহীন অন্ধকার রাত চাই না,
দিনে সূর্যের প্রয়োজন আছে
রাতে চাঁদ, জ্যোৎস্না-
না হলে অমাবস্যার ঘোর অন্ধকারে
তলিয়ে যাবে পৃথিবী।
অতটা ভালোবাসার প্রয়োজন নেই
তিন ভাগের দুই ভাগ হলেই চলবে
এক ভাগ নিজের জন্য রেখো,
সর্বস্ব দিয়ে ভালোবেসে নিঃস্ব হওয়ার
যৌক্তিকতা নেই
নিজেকেও একটু ভালোবাসতে শেখো
তবেই না জীবন সুন্দর হবে।
আমি বেদনার রং দিয়ে জীবন এঁকেছি
দুঃখের কালি দিয়ে কবিতা লিখেছি
আর কত…
আমার প্রিয় কথাগুলো সব বলা শেষ!
এবার তোমার কথা বলো—
তোমার প্রিয় গল্পগুলো
তুমি কি আজও রাত ঘুমে স্বপ্ন দেখো?
তোমার স্বপ্নের শিয়রে
কিছু চেনা অচেনা ফুলেরা ভিড় করে
কিছু ইচ্ছে মেঘ আকাশ জুড়ে ঘিরে থাকে,
কিছু বিকেলের রোদ্দুর তোমায় ভুল বোঝে
শুধু আমি ভুল বুঝলেই সব শেষ!
হাত ধরো, এবার কিছুটা কাছে এসো
সব বাঁধার দেয়াল ভেঙে।
রচনাকাল: ০২-০৫-২০২৬ ইং।
মন্তব্য করুন