কত দিন আর কত কত দিন, ঠিক এভাবে আমি
মেঘের কাছে খোলা চিঠি লিখব…
জানিনা, কেউ এমন করে
আমার মতো মেঘকে ভালোবাসে কিনা:
আমি বাসি অসম্ভব ভালো এক মেঘকে
মনোকাশ জুড়ে আছে এক আকাশ মেঘ,
এক মেঘের জন্য অবাধ রাজ্যে আমার ছুটোছুটি!
দুপুরের রোদও ভালো লাগে
পড়ন্ত বিকেল ছুঁয়ে যখন ক্লান্ত সন্ধ্যা ধীরে ধীরে নামতে থাকে
নিঃসীম গভীর সীমাহীন শূন্যতায় পরিপূর্ণ অচেনা এক পৃথিবীর সবুজ আঁচল ছুঁয়ে
আমি তখন অপলক চোখে তাকিয়ে থাকি অবাক মেঘের দিকে;
জানিনা, আমি সত্যিই জানি না
কেউ কখনো এমন করে আমার মতো
মেঘ ভালোবাসে কিনা!
মেঘের জন্য এই আমি ব্যালকনিতে কবিতার বই হাতে হেঁটে হেঁটে ক্লান্ত হই সারাবেলা,
এক মেঘের জন্য আমার কবিতার ভুবনে পা রাখা…..
কবিতা ভালোবাসা, কবিতার কাছে আসা
কবিতার পৃথিবীতে দিনরাত সারাবেলা আদ্যপান্তে ডুবে থাকা—
আমার ভালো লাগার সবটুকু প্লাটফর্ম ছুঁয়ে আছে কবিতা!
এ শুধু মেঘের জন্য সম্ভব হয়েছে
হয়তো প্রশ্ন উঠতে পারে, মেঘ তো আর কবিতা ভালোবাসে না…
তাহলে কেন এত কবিতা ভালোবাসা?
আমি জানি হয়তো মেঘ কবিতা ভালোবাসে না
কিন্তু আমি তো বাসি…..
আর কেউ না বাসুক আমি বাসলেই হলো!
কবিতা ভালো না বাসলে আমার একটি দিনও কাটত না—-
মেঘের খোঁপায় কত কত কবিতা লিখে উড়িয়ে দিলাম কালবৈশাখী ঝড়ো হাওয়ায়:
পৃথিবীর শেষে অন্য আর এক আকাশ আছে
সাদা মেঘ,
বরফ গলা কালো মেঘে ঠাসা
আবীর মেঘে রংধনু ও আছে আঁকা:
মেঘ নিয়ে আমার এটাই শেষ কথা!
এ মন আমার চিঠি লিখে
উড়িয়ে দিলাম নীল খামে
মেঘের নামে….
মেঘ আমাতে ঝুম বৃষ্টি দিনের
হবে দেখা!
রচনাকাল: ২৪-০৯-২০১৭ইং।
মন্তব্য করুন