এই সংসার অরণ্য ছেড়ে গুচ্ছ গুচ্ছ জুঁই ফুল স্বপ্ন মাড়িয়ে
তুমি কোথায় যাবে–
চাঁদ, পাহাড়, সাগর
নাকি মঙ্গল গ্রহে…….. ?
তুমি হারাতে পার, কোন নক্ষত্রলোকে—
দু’হাতে নৈঃশব্দ্যের ঢেউ ভেঙে ভেঙে
তুমি হারাতে পার নিস্তব্ধ আর নির্জনতার শেষ ঠিকানায় –।
তুমি শিশির স্বপ্ন গাঁথা বরফ নদীর কাব্য উপাখ্যান হয়ে-
আকাশ পালক ছুঁয়ে নিঃসঙ্গ পৃথিবীর হলুদ পাতায় টুপটাপ ঝরে পড়তে পার :
ঘাস ফড়িং নীড়ে- সময় অসময়ে-
সবুজ অরণ্যে গোলাপ, অর্কিড কিংবা
কুহেলি রাতের আবরণ ছিঁড়ে শেষ রাতের ডানায় ফোঁটা
এক ঝাড় হাসনাহেনায় তোমার নিঃশব্দ বিচরণ..।
নীলাকাশের চিল মেঘ সোনালি ডানায় ভেসে
প্রেমিকার গোপন পাসওয়ার্ডে তুমি হারাতে পার;–
তুমি হারাতে পার অনন্ত সবুজ বিশ্বাসের শেকড় উপড়ে
আকাশ, গোধূলি স্বপ্ন ছায়ায়–
সাগর, অরণ্য, ফুল,পাখি,নীড়
ঘাস ফড়িং
প্রজাপতি ডানায়;
অথবা কবিতার অক্ষরে অক্ষরে -
গুচ্ছ গুচ্ছ শব্দে………..!
বকুল কুড়ানো ভোরের আঙিনায় তুমি হারাতে পার-
প্রজাপতি ডানায় সবুজ পাতার ফাঁকে ফাঁকে -
হারাতে পার মুঠো মুঠো ঘাস ফুলে,
শিশির শব্দ মিছিলে,
সবুজ মাঠ-ঘাটে
পাহাড়ি লতায় -পাতায়
শস্যের দানায় শশা ক্ষেতে
লকলকে দুর্বাঘাসে-
মটর সুটির ক্ষেতে……..।
তুমি হারাতে পার, হলুদিয়া পাখির দু’চোখের উথাল-পাথাল স্বপ্ন
নীড়ে-
তুমি হারাতে পার, সোনালি বিকেলের মধ্যবৃত্ত জীবনে
বেডরুমের সুনিবিড় শীতল ছায়ায় -
মধ্যরাতের চোখ জুড়ে আছে দুধ ঘুম স্বপ্ন কুসুম-
কাশফুল ভালোবাসা!
বেঁচে থাকার অনন্ত আশ্বাস
আর সেই পুরানো বিশ্বাসে ফেরা —
তবুও কি তুমি হারাবে ?
রচনাকাল: ১৩-০৮-২০১৮ ইং।
মন্তব্য করুন