[পর্ব: ০১]
আকাশ, অহনা দুজনই ক্লাসের খুব পরিচিত মুখ। অহনা বেশ আধুনিক। প্রিয় পোশাক জিন্স, ফতুয়া, টিশার্ট। পায়ে কখনো কেডস কখনো পুরুষদের মত পিছনে বেল্টওয়ালা স্যান্ডেল পরে। ববছাঁট চুলে বাম পাশে সিঁথি করে। হাতে লম্বা লম্বা নখ। চোখে দিনের সিংহভাগ সময় রোদ গ্লাস থাকে। নিজেই মোটর বাইক চালিয়ে কলেজে যায়। প্রায় সময় হাতের আঙুলে বাইকের রিংটা ঘোরে। কখনো মনের ভুলে চোখে কাজল বা ঠোঁটে লিপস্টিক পর্যন্ত ছোঁয়ায় না। পাছে যদি তাকে মেয়েদের মত লাগে। হাতে চুড়ি বা আঙুল রিং পরেই না। ডান হাতে তামার মোটা চুড়ি বিশেষ ব্রেসলেট থাকে। মাঝে মধ্যে সিগারেটে লম্বা লম্বা টান দেয়, সৌখিন বসে। কখনো চোখ মুখ লাল করে এক গাল ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ভুক ভুক করে ছাড়ে। এই হচ্ছে অহনা। এ যুগের সেরা আধুনিক হয়ে উঠতে চায় সে।
অহনার পোশাক আশাক চাল চলন ওকে সেই ইঙ্গিত দেয়। একান্তই খুব কাছে এসে ওকে না দেখলে ঠিক বোঝা যায় না সে মেয়ে নাকি ছেলে। কলেজের অনেকেই ওকে ছেলে মনে করে। ওর মেলামেশাটাও ছেলেদের সঙ্গে বেশি। কলেজের সব কাজ ওর ছেলেদের সঙ্গে। পড়া দেখা, নোট নেয়া থেকে শুরু করে সব। এ জন্য মেয়েরা ওকে অনেকটা এড়িয়ে চলে। সে অহংকারী ও ধনী পিতার একমাত্র আদুরে কন্যা।
যশোর এম, এম কলেজের দক্ষিণ পাশের গেটের অপজিটেই অহনাদের বাসা। অহনাদের একই পাড়ায় আকাশদের বাসা। আকাশের বাবা কাস্টম কর্মকর্তা। সে বাবা মায়ের একমাত্র সন্তান।
ইদানিং নতুন একটা মেয়ে এসেছে কলেজে। নাম স্নিগ্ধা। খুব চঞ্চল আর সাহসী। স্নিগ্ধা ঠিক করল অহনার সঙ্গে পরিচিত হবে। অহনা অদূরেই দাঁড়িয়ে আছে। স্নিগ্ধা এগিয়ে এসে বলল:
--- হাই! এই শোন? তোমার নাম কি?
স্নিগ্ধা জানে আধুনিক মেয়েটির নাম অহনা। তবু সে ওর নিজের মুখেই শুনতে চায়। বিব্রত বোধ করল অহনা। ও উঁচু গলায় বলল:
--- হাই! তুমি কি আমাকে বলছ?
--- নয়তো কী? এখানে আর কেউ আছে?
‘স্নিগ্ধার উত্তর।’
অহনা আশপাশে তাকিয়ে বলল:
--- আমি অহনা তুমি আমার নাম জানতে চাইছ কেন?
স্নিগ্ধা ইতস্তত করল:
--- না মানে ইয়ে তোমার যে বেশ ভূষা তোমাকে চিনতে কষ্ট হচ্ছে। তুমি ছেলে নাকি মেয়ে। এই বিষয়টা আমাকে ভাবাচ্ছে। আর আমি স্নিগ্ধা।
অহনা মেয়েদের নাম, তুমি নিশ্চয়ই মেয়ে। কিন্তু তোমার এই বেশ ভূষা কেন? তোমার পোশাক হওয়া উচিৎ মার্জিত, রুচিশীল।
এই দেখ, আমি পরেছি নীল রঙের সালোয়ার কামিজ আর ওড়না। কেন তুমি নিজেকে পুরুষের মুখোশে লুকিয়ে রেখেছ?
এ কেমন ফ্যাশন? আসলে ফ্যাশনের আড়ালে তুমি নিজেকে অন্য লিঙ্গে রূপান্তরিত করতে চেয়েছ। এটাই সত্য। এ অন্যায়। তোমাকে কেউ কিছু বলে না? আমি এ কলেজে পা রেখেই তোমাকে দেখে অবাক হয়েছি।
অহনা কিছুটা বিরক্ত হল। ও জোরে বলল:
--- ওহ শিট!
নতুন এ মেয়েটির এহেন প্রশ্নে অহনা রীতিমতো হকচকিয়ে গেল। ও বিরক্ত মুখেই বলল:
--- হঠাৎ তুমি আমার পেছনে লেগেছ কেন?
নিঃশব্দে হাসল স্নিগ্ধা। ভারী দীর্ঘশ্বাস ছেড়ে বলল:
--- তুমি বুদ্ধিমতি মেয়ে। তোমার এই ছেলে হয়ে ওঠার রহস্যটা জানার এক অদম্য লোভ সামলাতে পারছি না। সে জন্য তোমাকে ডিস্টার্ব করা।
(চলমান……)
রচনাকাল: ০৮-১২-২০১৬ইং।
মন্তব্য করুন