৪র্থ পর্ব
নীড় হেসে উঠল
- আমার হাতে একটু কাজ আছে।
নীড় উঠে দাঁড়াল
- আমি এখন মৌদের বাসায় যাব, ওকে ম্যানেজ করতে হবে না? হাতে সময় বেশি নেই, শেষে দেখো, আমাদের যাওয়াটাই মাটি হয়ে যাবে।
অ্যাডভেঞ্চারপ্রিয় বাংলাদেশী দুই তরুণ-তরুণী ছুটে চলেছে চট্টগ্রামের সমুদ্র সৈকত দেখার উদ্দেশ্যে। নীড়ের সাথে আছে তার বান্ধবী মৌ। সাগরের বিধৌত জলবায়ুতে পুষ্ট বাংলার সবুজ শ্যামল মানুষের সমুদ্র জয়ের আকাঙ্ক্ষা তাই আরও বেশি। না গিয়ে, গিয়েও বেশ কয়েকবার যাওয়া হয়ে গেছে নীড়দের চট্টগ্রাম। কিন্তু এবারের যাওয়ার মধ্যে একটা বিশেষ আকর্ষণ আছে। আর সেটা হলো নীড়ের সাথে বিপ্লব। এটা কি কম আকর্ষণ নীড়ের কাছে? আর ভাবতে পারে না নীড়।
ঢাকা থেকে চট্টগ্রাম, ধবল জোছনা প্লাবিত রাস্তায় তাদের মাইক্রো যেন একটা খেয়াযান। গাড়ি ড্রাইভ করছে নীড়, ওর পাশের সিটেই বসে আছে বিপ্লব। পিছনের সিটে একাই বসেছে মৌ, মৌ ইচ্ছে করেই পেছনের সিটটা বেছে নিয়েছে। তন্দ্রায় বিপ্লবের চোখ দু'টো ঢুলু ঢুলু করছে। হঠাৎ নীড় বিপ্লবের নাক টিপে দিয়ে বলল,
- স্যার, পুরো পথ কি এভাবে ঘুমিয়ে কাটিয়ে দিবেন?
সম্বিত ফিরে পেল বিপ্লব।
- জ্বী ম্যাডাম, ভীষণ ঘুম পাচ্ছে।
রেগে গেল নীড়।
- তুমি তাহলে কেন আসলে? আমি একা থাকলেই ভালো হত।
- বোকা মেয়ে, ঠিক আছে আমি তাহলে নেমে যাই, নীড়।
আচমকা নীড় রেগে যায়,
- ঠিক আছে, যাবে? যাও!
হেসে ফেলে বিপ্লব। ও শুয়ে আছে নীড়ের কাঁধে মাথা রেখে, আর খুঁটিয়ে খুঁটিয়ে নীড়কে দেখছে। দীঘল চুলের অদ্ভুত ভেজা ভেজা ঘ্রাণ কোনো রহস্যের উন্মোচন ঘটাচ্ছে যেন, বিপ্লবের বাঁশির মতো সেঁটিয়ে থাকা নাকে। ঢাকার সীমানা এখনও ওরা পার হয়নি। একটা সাঁকো পার হতে যেয়েই তীব্র ঝাঁকুনি খেল সবাই। এতক্ষণে পিছনের লম্বা সিটে মৌ নাক ডেকে ঘুমাচ্ছিল। তীব্র ঝাঁকুনিতে কিঞ্চিৎ ঘুমটা ভেঙে গেল।
বিপ্লব পিছনে ফিরে মৌকে বলল,
- ওকি, চোখ খোল, দেখ আমরা সাঁকো পার হয়ে এসেছি।
মৌর ঘুমের মাত্রাটা একটু অস্পষ্ট হলেও সে বুঝতে পেরেছে সে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ এরকম একটা প্রোগ্রামে সে আসবে বুঝতে পারেনি। যেন হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া, শুধু নীড়ের জন্য তার আসা। কিন্তু মৌ আজ বড় বেশি চুপচাপ।
গাড়ি চলছে তীব্র বেগে, ওরা এখন চট্টগ্রামের সীমানায় ঢুকে পড়েছে। বাইরের দৃশ্যগুলো আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। মাঝে মাঝে উঁচু উঁচু পাহাড়গুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে। সেগুলো দেখতে বড় অদ্ভুত লাগছে। সামনে মেঘনার উর্বশী শরীর। চারিদিকে শুধু পানি আর পানি।
ফেব্রুয়ারির সকাল, প্রকৃতিতে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব। মৌ বিপ্লবকে উদ্দেশ করে বলল,
- ভাইয়া, ক্যাসেট প্লেয়ারটা একটু বাজান না? শুনব, মনটা একদম ভালো নেই।
বিপ্লব হেসে সায় দিল,
- ঠিক বলেছ মৌ।
মৌর মনে তখন ফুটে উঠল একসঙ্গে হাজার গোলাপ। গোলাপগুলো একে একে পাপড়ি মেলল মৌর হৃদয়ে। মৌ গানের ভাষায় ডুবে গেল। আহমেদ জামেল চৌধুরীর লেখা একটি গান বাজছে ক্যাসেট প্লেয়ারে:
কে তুমি এলে গো আমার এ জীবনে....
হঠাৎ নীড় তার ঘাড়ে আলতো চুমুর স্পর্শ পেল, পাশ ফিরে তাকাল নীড়। বিপ্লব অবাক হয়ে তাকাল নীড়ের দিকে। এ কোন নীড়, ফুল শাড়িতে! এই মুহূর্তে বিপ্লবের কাছে নীড়কে একজন পরিপূর্ণ তরুণী মনে হলো। নীড় কপট রাগ দেখিয়ে বলল,
- দূর, সরো তো!
পিছন থেকে মৌ হাসল। বিপ্লব হঠাৎ করে নীড়ের ডান হাতটা নিল নিজের হাতের মুঠোয়। অদ্ভুত একটি সময়, নীড় হেসে উঠল। হাতটা হ্যাঁচকা টানে ছাড়িয়ে নিল নীড়, পরমুহূর্তে বলল,
- আমাকে ড্রাইভিং করতে দাও। তোমাদের মূল্যবান জীবন কিন্তু আমার হাতে।
হঠাৎ একটা ঝাঁকুনিতে সবাই চমকে উঠল। বিপ্লব পাশে বসে থাকা নীড়কে পেছন দিক থেকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর বিড়বিড় করে উচ্চারণ করল কয়েক চরণ কবিতা:
"আকাশের চাঁদ তুমি, নক্ষত্রও তুমি,
আকাশের নীল তুমি, রংধনুটাও তুমি,
কাপড়ের বুনন তুমি, শিল্পীর কারুকাজ তুমি,
সুখের স্বর্গ তুমি, আমার পৃথিবী তুমি,
আমার নিঃশ্বাস তুমি, আমার অনুভূতিও তুমি,
তুমি আমার সর্ব ইন্দ্রিয়, তুমিতে তুমি"
হেসে উঠল নীড়,
- যাহ্, এখন কিন্তু আকাশে চাঁদ নেই, নক্ষত্রও নেই। তুমি শুধু পাগলামি কর বিপ্লব।
- কিসের পাগলামি? আকাশে চাঁদ নেই তো কী? তুমিই তো আমার চাঁদ, তুমিই তো আমার নীল নক্ষত্র।
- এসব কি শুধুই ভালোবাসা বিপ্লব? না নীড়, এসব ভালোবাসার কড়া রং। যে রঙে তুমি আমি আমরা ভেসে গেছি ভালোবাসার সাগরে, ভালোবাসার হৃদয়াকাশে। ভালোবাসার সোনালি স্বপ্নে, ভালোবাসার অবগাহনে।
বিকেলের সূর্যের আলো এসে ওদের চোখেমুখে পড়ছে। সামনেই একটি বিপদজনক বাঁক। অচেনা গন্তব্যে ফেরা বোধ হয় এমনই হয়। গাড়ির স্পিড সামান্য কমলো। চট্টগ্রাম পতেঙ্গা বে শপিং সেন্টারের পাশে একটি গ্রিন হাউজে ওরা উঠল। সবাই খুব টায়ার্ড। যার যার রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল।
সবাই একসাথে বসে হালকা কিছু খাবার খেয়ে নিল, কারো মুখে কোনো কথা নেই। শুধু মাইক্রোর একঘেয়ে শব্দটা এখনো ওদের কানে বাজছে। মনে হচ্ছে যেন ওরা এখনো যাত্রীবাহী কোনো মাইক্রোতে বসে আছে। আর মাঝে মাঝে যাত্রীবাহী বাস ও ট্রাকের শিস কেটে সামনে-পিছনে আসা-যাওয়ার খেলা দেখছে।
এই মুহূর্তে সূর্যের পড়ন্ত ম্লান আলো পরিবেশকে আরও বিধুর করে তুলেছে। এক অদৃশ্য ব্লটিং পেপার শুষে নিয়েছে ওদের সবার প্রাণাবেগ। প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধানের হিসাবটা মেলাতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছে নীড়। সব কিছু নীড়কে বিমোহিত করছে। সবকিছু প্ল্যানমাফিক আগে থেকেই পরিকল্পনা করা আছে ওদের। নইলে পরে আর হিসাবটা মেলানো যায় না।
খুব ভোরে ওরা চলে গেল সী-বিচে, অর্থাৎ সাগর সৈকতে। অথচ সাগরের কাছে গিয়েই সাগরের গর্জন শুনে কেমন যেন মিইয়ে গেল নীড়।
আজ সাগরপাড়ে বাতাসের বেগ খুব বেশি। সাগরের গর্জন শুনে ওরা বাতাসের উপস্থিতি টের পেল। একটু পরেই সূর্যটা সাগরের বুক থেকে উঠি উঠি করছে, সে এক মনকাড়া অদ্ভুত দৃশ্য। বিপ্লব ক্যামেরা রেডি করল, সাগরের বুকে ভোরের সূর্যোদয়ের দৃশ্যটিকে ক্যামেরায় বন্দি করার জন্য।
মন্তব্য করুন