৮ম পর্ব:
ইমন বিচলিত হয়ে পড়ে ওর কণ্ঠ রোধ হয়ে আসে। একটু আবেগ প্রবণ হয়ে বলল ইমন:
--- শোন বিপ্লব এসব অনেক পুরনো কথা বাদ দাও তো এখন। বলো খালাম্মা খালুজান কেমন আছেন?
একটু নরম গলায় বলল বিপ্লব:
--- আম্মু আব্বু ভালো আছেন। তুমি এসো না আমাদের বাসায়। সবাই খুব খুশি হবে।
--- সে আমি জানি বিপ্লব তিন্নিটা কেমন আছে? ওকে আমি কত কান মলে দিয়েছি। ও এখন অনেক বড় হয়ে গেছে তাই না?
--- হ্যাঁ হয়েছে।
একটু অভিযোগের সুরে বিপ্লব বলল:
--- তুমি আমাদের বাসায় যেতে পার না ভাইয়া? আজ তোমাকে নিয়ে যাব আম্মু খুব খুশি হবেন।
ইমন ঘড়ি দেখল:
--- আমার একটু তাড়া আছে বিপ্লব। আজ আমি যেতে পারবো না, অন্য আর একদিন যাব। কিন্তু তুমি এ পথে কোথায় যাচ্ছ বিপ্লব?
বিপ্লব হেসে ফেললো:
--- মানে ভাইয়া আমার এক গার্লফ্রেন্ড এর বাসায়।
বিপ্লবের বলার ভঙ্গি ও হাতের মুদ্রা দেখে হেসে ফেললো ইমন।
--- কি বলছো তুমি? শুধু কি গার্লফ্রেন্ড না অন্য কিছু? প্রেম প্রেম খেলে শুধু ব্যস্ত থেকো না। আমাদেরও একটু আধটু খোঁজ খবর নিও। তারপর দেখবে এক নিমিষেই অলকে অলকে তোমার সময় শেষ হয়ে যাবে।
হাঃ হাঃ করে হেসে উঠে বিপ্লব:
--- ভাইয়া তুমি দেখছি সাহিত্যিক হয়ে উঠেছ? তা কবিতা উপন্যাস লেখো টেখো নাকি?
--- নারে ভাষা আসে না তবে চেষ্টা করলে এক দুই চরণ কবিতা লিখতে পারি।
--- তার মানে?
পাল্টা প্রশ্ন বিপ্লবের।
--- সে অনেক কথা এই চা খাবে বিপ্লব?
ইমন আস্তে আস্তে জিজ্ঞাসা করল।
--- তা মন্দ হয় না ভাইয়া চলো খাওয়া যাক।
ওরা একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে বসল। ওয়েটার এগিয়ে এলে ইমন খাবার অর্ডার দিল। পাঁচ মিনিট পর টেবিলে খাবার সার্ভ করলো। বিপ্লব খাবারের আইটেম দেখে চমকে উঠল। বিপ্লব বলল:
--- ভাইয়া তুমি শুধু চা খাওয়ার কথা বলে আমাকে নিয়ে এলে। অথচ দেখতো এত খাবার, কে খাবে ভাইয়া?
--- কেন কি হয়েছে...তুমি খাবে না বিপ্লব?
খাবারের আইটেমে আছে, রাবড়ি, রাইস অ্যান্ড কারি, চিকেন ফ্রাই, সাথে কোল্ড ড্রিঙ্কস।
বিপ্লব বলল:
--- ভাইয়া একবার কলকাতা গিয়ে রাবড়ি খেয়েছি। ভীষণ সুস্বাদু খাবার।
খেতে খেতে ইমন বলল:
--- এখন আর কলকাতা কেন বাংলাদেশেও এর বেশ পরিচিতি আছে।
ইমন আবার বলল:
--- তুমি যেন কোন গার্লফ্রেন্ডের কথা বলছিলে। এখন কি তুমি তাদের বাসায় যাবে নাকি?
বিপ্লব বুঝতে পারে ইমন তাকে কি বলতে চাচ্ছে। ও বলে উঠল:
--- হ্যাঁ ভাইয়া তুমি ওকে চেনো? ওর নাম নীড়।
ইমন যেন চাবুক খাওয়া কুকুরের মতো চমকে ওঠে। তারপর বলে:
--- ও হ্যাঁ মনে পড়েছে ও আমার ইয়ারমেট। অন্য ডিপার্টমেন্টে পড়ে। ওকে কি তুমি ভালোবাসো বিপ্লব?
বিপ্লব কিছু বলার আগে দেখল ইমনের চোখ দু’টো বড় বেশি চিকচিক করছে। ফাঁক হয় এক জোড়া ঠোঁট। তারপর বিড়বিড় করে বলল বিপ্লব, আসলে ভাইয়া আমি সে কথাই তোমাকে বলব। একটু সময় লাগবে।
--- আজ নয় অন্য আর এক দিন বলব। তোমার সময় হবে তো ভাইয়া? আমি তোমাকে সব বলব, কিন্তু শোন ভাইয়া, আগে থেকেই ঠিক করে নিতে হবে তুমি কোন পথে এগুবে। জীবন কিন্তু এখন তোমার এমনই সেনসিটিভ, সামান্য একটু ভুল হয়ে গেলে পুরো জীবনটাই বরবাদ হয়ে যাবে।
ইমন একটা দীর্ঘশ্বাস ছাড়ে। বিপ্লব আমার এক বন্ধুর সাথে ডিসকাশনে যেতে হবে। আমি এখন উঠছি, ইমন হিপ পকেটে হাত ঢুকিয়ে মানিব্যাগ বের করে খাবারের বিল মিটিয়ে দিল। ওরা দু’জন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ল। বিদায় নেওয়ার সময় বিপ্লব বলল, ভাইয়া কাল বিকেল পাঁচটায় আমি তোমার মেসে যাব। তুমি কিন্তু রুমে থাকবে। ইমন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়।
রচনাকাল: ১০-০২-২০০৫ইং।
মন্তব্য করুন