[পর্ব: তিন]
নির্জন গোপনে কোন এক কবি
তোমাকে নিয়ে লিখবে,
নীল দীর্ঘশ্বাস ছুঁয়ে থাকবে
কবিতার সবুজ চোখের পাতা:
প্রকৃতির হলুদ শহরে গাঢ় স্তব্ধতার
এক নির্জন সন্ধ্যা খসে খসে পড়বে,
মাধবীলতা স্বপ্ন কুঁড়ি ঠোঁটে
একটু একটু করে—
সন্ধ্যাটা ধীরে ধীরে রাতের
গভীরে হারাবে….!
তুমি নীল ঘাস ফুল হবে?
পথের দু’পাশে বিষণ্ণ প্রকৃতি পূর্ণতা পাবে:
প্রকৃতির সকল বিবর্ণতা মুছে যাবে
ঘাস ফুল তোমার ঠোঁটে—
নতুন ভোরের শিশির ভালোবাসার নগ্নতায় স্বপ্ন আঁকবে….
কি করে বলব তোমাকে—
আমি তোমাকেই ভালোবেসেছি
ও মায়াবী মিষ্টি মেয়ে!
কবিতা শুনতে শুনতে নাতাশা স্বপ্নের এক আশ্চর্য মায়াবী জগতে হারিয়ে যায়। লিয়ন বলে:
--- আমার জীবন বড় বিচিত্র। অদ্ভুত রহস্যময়ও। আমার এই ছন্নছাড়া অগোছালো জীবনের সঙ্গে তুই নিজেকে জড়িয়ে ফেললি? এখনও সময় আছে নাতাশা, ভেবে দেখ।
--- নাতাশা মন খারাপ করা কণ্ঠে বলে:
--- তুমি আমাকে অনেক আগে থেকেই ভালোবাস আমি জানি। ঠিক আমিও তাই। এতদিন তুমি বলেছ, মেডিকেল পড়া শেষ না করে তুমি এসব ভাবছ না। আমি তোমার জন্য অপেক্ষা করেছি। এখন মনে হয়েছে সেই সময় এসেছে। আজ তুমি অন্য কথা বলছ? দেখো লিয়ন ভাইয়া, সবাই সব দিক থেকে পরিপূর্ণ হয় না। সংসারে কারও বাপ্পা থাকে না। আবার কারও মাম্মী থাকে না। একেক জনের দুঃখ একেক রকম। মন খারাপ করে সারাক্ষণ দুঃখী হয়ে থাকার কোন মানে হয় না। তোমার কষ্ট আমি বুঝি বলেই আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি লিয়ন ভাইয়া।
--- আমার ভীষণ ভালো লাগে যখন তুমি আমার বাপ্পাকে বাপ্পা বলো। মমকে মম মণি বলো।
প্রসঙ্গ চেঞ্জ করতেই নাতাশা বলল:
--- টরন্টো শহর থেকে লিংকন সাগর খুব একটা দূরে নয়। লিয়ন ভাইয়া, তুমি আমাকে মাঝে মাঝে এখানে নিয়ে আসবে। সাগর আমার ভীষণ পছন্দ। চলো ফেরা যাক।
ওরা দু’জন গাড়ির কাছে এগিয়ে গেল। নাতাশা বলল:
--- আগে কখনো এখানে এসেছ?
লিয়ন বলল:
--- হুম অনেক বার। বন্ধুদের সঙ্গে এসে লিংকন সাগরের পাড়ে আড্ডায় মেতে উঠেছি। মেডিকেল পড়ার সময়ে।
নাতাশা হতাশ হয়ে বলে:
--- ও...
মুহূর্তে পরিবেশটা ভারি হয়ে ওঠেছে সেটা বুঝতে পারে লিয়ন।
ও গাড়ি ড্রাইভ করছে, পাশেই নাতাশা বিষণ্ণ মনে বসে আছে। হঠাৎ লিয়ন নাতাশার একটা হাত নিজের হাতের মুঠোয় তুলে নিয়ে বলল:
--- এই সোনা এমন মুড অফ করে বসে আছ কেন? মেডিকেল পড়া অবস্থায় ওই মুহূর্তে তখন আমার মনে প্রেম জাগেনি। ক্যারিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। যখন মেডিকেল পড়া কমপ্লিট করলাম তখন প্রেম, ভালোবাসা নিয়ে একটু আধটু ভাবতে শুরু করলাম। তারপর আবিষ্কার করলাম আমার ভালো লাগার জায়গাটা তুমি দখল করে আছ। একটা কথা না বললেই নয়, কানাডায় একজন পরিপূর্ণ ডাঃ হতে প্রায় দশ বছর লেগে যায়। সেখানে আমার সাত বছর হল। এখনও তিন চার বছর অপেক্ষা করতে হবে আমাকে।
নাতাশা বলল:
--- তোমার অপেক্ষার দিনগুলোতে আমি তোমার পাশে আছি।
হুট করে লিয়ন নাতাশার ঠোঁটে একটা চুমু দিয়ে বলে:
--- এটা তোর এক্সট্রা পাওনা।
হঠাৎ করে ফিরোজা বেগম ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে মাস খানেক নার্সিং হোমে থাকলেন। জ্বর কিছুতেই ছাড়ছিল না। নিশাত ছেলেকে কিছুদিন ছুটি নিয়ে দেশে আসতে বলল। মায়ের আদেশ পালন করতে লিয়ন একমাসের ছুটিতে উড়াল দিল দেশে। ফিরোজা বেগমের অসুস্থ দিনগুলোতে নানুর পাশে ছায়ার মত লেগে থেকেছে। নানুর জ্বর মেপেছে প্রতি ঘন্টায়, পালস্ দেখেছে। শেষ সপ্তাহে টেম্পারেচার চার্ট দেখে লিয়ন হাসি মুখে বলল:
--- নানু তুমি সুস্থ হয়ে গেছ। একদিন পরে তুমি বাসায় যেতে পারবে।
ছেলের কথায় সায় দিয়ে নিশাত বলে:
--- হ্যাঁ আম্মা তোমার কিছুই হয়নি। এরা শুধু শুধু তোমাকে নার্সিং হোমে আটকে রেখেছে।
ফিরোজা বেগম বুঝতে পারলেন, তার নাতি লিয়ন জোর করে তার মুখে হাসি ফুটিয়েছে। তিনি হেসে ওঠে বললেন:
--- নানু ভাই আমি খুব খুশি হয়েছি। তোমার এই সাফল্যে। এতদিন কোন ডাঃ আমাকে সুস্থ করতে পারছিল না। তুমি আমাকে সুস্থ করেছ। তুমি মস্ত বড় ডাঃ হয়ে গেছ। যাও- তোমাকে আমি ডাঃ এর স্বীকৃতি দিলাম।
মুহূর্তে লিয়নের বুকটা আনন্দে ভরে উঠল। ও নানুকে জড়িয়ে ধরে বলল:
--- তুমি আমাকে দোয়া কর নানু আমি যেন বড় ডাঃ হয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি।
ফিরোজা বেগম বলেন:
--- সেকি আর বলতে হয়রে নানু ভাই!
নিশাত কেঁদে ওঠে বলে:
--- জান আম্মা কত হাজার বছরেও এমন শুভদিন আসেনি। আমার ভীষণ ভালো লাগছে লিয়নের কথা শুনে। এ যেন গভীর অন্ধকারের বুকে চুঁইয়ে চুঁইয়ে ঢুকে পড়েছে অপ্রত্যাশিত ঝলমলে আলো।
লিয়ন ওর মাম্মীর চোখের অশ্রু মুছে দিতে দিতে বলে:
--- আমাদের দুঃখের দিন ফুরিয়ে এল মাম্মী। তুমি কাঁদছো কেন? আজ কোন কান্না নয়।
--- পাগল ছেলে, কই কাঁদছি নাতো?
নিশাত ঠোঁট টিপে হাসল।
--- এ-তো আমার চোখে আনন্দ অশ্রু! ও তুই বুঝবি না বাবা।
লিয়নের পাশে ডাঃ চ্যাটার্জী এসে দাঁড়ালেন। উনি রিপোর্ট নর্মাল দেখে বললেন:
--- ইয়াং ম্যান তোমার পেশেন্ট এখন সম্পূর্ণ সুস্থ। তুমি উনাকে কাল বাসায় নিয়ে যেতে পার। আর কোন সমস্যা নেই। কড়া অ্যান্টিবায়োটিক শরীরের সব রস নিংড়ে নেয়। তবে সাবধান থাকলে ভয়ের কিছু নেই। তুমি একবার আমার ল্যাবে এস। তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে।
ডাঃ চ্যাটার্জী এ পর্যন্ত বলেই চলে গেলেন।
নিশাত বলে:
--- আম্মা তোমার খুব একটা অসুখ হয় না। শেষ কবে বিছানায় পড়েছিলে তোমার মনে আছে? বাবার মৃত্যুর আগে। দিন পনেরো তুমি ইনফ্লুয়েঞ্জা জ্বরে ভুগেছিলে। সেকি মারাত্মক জ্বর। কিছুতেই ছাড়ে না।
ফিরোজা বেগমের দু’চোখ ঝাঁপসা হয়ে আসে। ফ্যাকাশে মুখে বললেন:
--- তোর বাবা অসুস্থ হয়েও আমার কপালে জলপট্টি দিত। একজন সেবিকার মতো মুখে পানি ঢেলে ক্যাপসুল খাইয়ে দিত। তার সুনিপুণ হাতের সেবায় আমি কত দ্রুত সুস্থ হয়ে উঠেছিলাম তাই নারে নিশু? এখনো চোখ বুজলেই আমি সেই হাতের স্পর্শ পাই। তোর বাবা আমাদের ছেড়ে চলে গেল। পনেরো বছর হয়ে গেছে। আমার এতদিনে একটু শরীর খারাপ কি জ্বরও হয়নি। অথচ হুট করে আমার ম্যালেরিয়ায় পেয়ে বসল। এখন আমার ঘরে ডাঃ আছে। অসুখ আমাকে দেখলেই পালাবে, তাই না নানু ভাই?
নানুর কথা শুনে হেসে ওঠে লিয়ন।
--- হ্যাঁ, নানু তুমি ঠিক বলেছ। কোন অসুখ-- নো চান্স! অন্ততঃ তোমার শরীরে।
রচনাকাল: ০৬-১১-২০১৫ইং।
মন্তব্য করুন