[পর্ব: দুই]
ফিরোজা বেগম বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় আসলেন। দ্রুত শাড়ি বদলে মেয়ের পাশে এসে বসলেন। নিশাত বলল:
--- আম্মা রাতে তুমি মামার বাসায় থেকে গেলে পারতা। বৃষ্টির মধ্যে আসার কি দরকার ছিল?
ফিরোজা বেগম বলেন:
--- কী করব বল? তোকে ছাড়া আমি কখনো কোথাও থেকেছি? তোর কথা বলে, জোর করে চলে এসেছি।
নিশাত কোমল স্বরে বলল:
--- কাজটা তুমি ঠিক করোনি আম্মা। আমি ঠিকই চালিয়ে নিতাম। দুই একদিন তুমি থাকতেই পার।
ফিরোজা বেগম মেয়ের মুখের দিকে তাকিয়ে বলেন:
--- তোর কি মন খারাপ? কি হয়েছে আমাকে বল?
নিশাত দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল:
--- কিছু হয়নি আম্মা। আমি বেশ আছি। তুমি আছ, লিয়ন আছে।
ফিরোজা বেগমের দু’চোখ জলে টলমল করে ওঠে। উনি বলেন:
--- পারবি তুই আমার কাছে নিজেকে আড়াল করতে? মুমুর জন্য তোর কষ্ট হয় না? আর মেয়েটাও বা কি? ওর কি মাকে দেখতে মন চায় না? নাকি মেম মাকে পেয়ে তোর কথা ভুলে গেছে?
--- আম্মা?
আর্তনাদ করে উঠল নিশাত।
--- মুমু হয়তো জানেই না এদেশ ওর নিজের দেশ। এ দেশে ওর মা এখনও বেঁচে আছে! আসলে কি জান আম্মা, সবার জীবনে দুঃখ, কষ্ট আছে। এসব কষ্ট মনের মধ্যে পুষে রাখলে চলে না। ঘুণে ধরা আবেগকে প্রশ্রয় দিলে কষ্টের দাঁড়িপাল্লা আরও বেশি ভারী হবে আম্মা। এই দেখো আমি এখন অনেক সহজ হয়ে গেছি। তোমার মেয়ে না?
ফিরোজা বেগম জানেন, তার মেয়ে নিশাত সব বিষয়ে দক্ষ এবং অনেক বেশি হিসেবী। গোছানো সুগভীর শৃঙ্খলাপরায়ণ আত্মবিশ্বাসী। তার থেকে নিশাত অনেক বেশি বুদ্ধি রাখে। ফিরোজা বেগম মনে করেন, নিশাত তাকেই সান্ত্বনা দিচ্ছে। হাসি পেল মায়ের। তিনি বলেন:
--- এসব ছেঁদো কথার কি কোন মূল্য আছে? আর সান্ত্বনাই বা দিচ্ছিস কাকে? তোর বাবার মৃত্যু বলতে যে শোকময় দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, স্বামীর ক্ষেত্রে ওরকম কোন দৃশ্য তো নেই তোর চোখে? সে তো বেঁচে আছে। থাক না সে নিজের মতো করে....?
বিস্ময় প্রকাশ করল নিশাত
--- আম্মা! একি বলছ তুমি? এরকম ভাবে বেঁচে থাকার চেয়ে না থাকায় অনেক ভালো। তখন মনকে সান্ত্বনা দিতে পারতাম সে মানুষটা মারা গেছে। সে বেঁচে থাকাতে আমার কোন্ উপকারটা হচ্ছে শুনি? সুখের সাগরে ডুবে যাচ্ছে নাকি আমার পৃথিবী? নাকি- ভালোবাসার গাঢ় রঙে রঙিন হচ্ছে আমার জীবন? কোনটা ..... বলতে পার আম্মা?
মেয়ের কথাগুলো বেশ মনে ধরল ফিরোজা বেগমের। তিনি কেঁদে ওঠে বলেন:
--- আমি আর ক'দিন আছি বল? আমার বয়স হয়েছে। কখন হুট করে চলে যাব তোর বাবার কাছে। সেতো আমাকে সবসময় তার কাছে ডাকে। নিঃসঙ্গ জীবন যে কত দুর্বিষহ হয়ে ওঠে সে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা।
ফিরোজা বেগমের দু’চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে। কষ্টের মাঝেও একটা ভালোলাগা অনুভূতি চিন চিন করছিল তার বুকে। এ বাড়িটা তার স্বামীর। ফিরোজা বেগমের দুই মেয়ে। দিহান আর নিশাত। বড় মেয়ে কানাডা থাকে। তার কোন পুত্র সন্তান নেই। হাজবেন্ড কলেজের অধ্যাপক ছিলেন। আর তিনি স্কুল শিক্ষিকা ছিলেন। নিশাতের বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ফিরোজা বেগমের পেনশনের টাকা স্বামীর চিকিৎসার জন্য ব্যয় হয়ে গেছে। এই তিনতলা বাড়িটা অবশিষ্ট আছে। উপর নিচে ক’ঘর ভাড়াটিয়া আছে।
নিশাতের বড় বোন দিহান কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করে। পরবর্তীতে পিএইচডি করতে স্কলারশিপ নিয়ে সুদূর কানাডায় চলে যায়। পড়া অবস্থায় কানাডিয়ান এক মুসলিম ছেলেকে বিয়ে করে। যোহান যোহায়ির কানাডিয়ান হলেও হাজবেন্ড হিসেবে অমায়িক এবং হেল্পফুল। যোহানের দাদা মোঃ কাইফি ভারতীয় মুসলিম পরিবারের সন্তান ছিলেন।
দিহানের এক ছেলে এক মেয়ে। ছেলে যায়ান, মেয়ে নাতাশা। যায়ান মেডিক্যালে পড়ছে। নাতাশা ফ্যাশন ডিজাইনে অনার্স পড়ছে। লিয়ন ও লেভেল পাশ করার পর ওকে কানাডা নিয়ে যাওয়ার জন্য দিহান ছোট বোনকে প্রস্তাব দিয়েছিল। নিশাত আর না করেনি। ছেলেকে বড় বোন দিহান আপুর কাছে পাঠিয়ে দিল। লিয়নের একটা অ্যাম্বিশন ছিল। সে ডাক্তার হবে। সে তার অ্যাম্বিশন থেকে একচুলও নড়েনি। লিয়ন এখন ডাঃ।
লিয়ন এবং নাতাশা দু’জন দু’জনকে ভালোবাসে। বিষয়টি এখন শুধু ওদের দু’জনের মধ্যে সীমাবদ্ধ নেই। দু’ পরিবার জেনে গেছে। কাছাকাছি থাকলে যেটা হয়, ভালোলাগা থেকেই ভালোবাসার জন্ম। নাতাশাকে প্রথম লিয়ন প্রপোজ করেছিল। নাতাশার যে লিয়নকে ভালো লাগতো না তা নয়।
এক বিকেলে নাতাশা বলল:
--- এই লিয়ন ভাইয়া... আমাকে সমুদ্রের কাছে বেড়াতে নিয়ে যাবে? অনেক দিন সমুদ্র দেখিনি। লিয়ন বলল ইয়েস সিস, কেন নয়? বিকেলে চল, আমি ফ্রি আছি।
পড়ন্ত বিকেলের হালকা রোদ্দুরে সেদিন প্রথম হারিয়েছিল দু’জন দু’জনের মাঝে। দু’জন দু’ রঙের দু’টো গোলাপ নিয়েছিল। অথচ কেউ কাউকে বলেনি সেকথা। প্রথম লিয়ন গোলাপি রঙের গোলাপ দিয়ে প্রপোজ করেছিল নাতাশাকে। লিয়নের কাছ থেকে প্রপোজাল পেয়ে, নাতাশার সেকি উচ্ছ্বাস! নাতাশা কেঁদে ওঠে বলেছিল,
আমিও গোলাপ এনেছি… আই লাভ ইউ টু.!
ও একটা লাল গোলাপ দিয়েছিল লিয়নকে।
নাতাশা বলল:
--- জান লিয়ন ভাইয়া আমি অনেক আগে থেকেই বুঝেছি তোমাকে ভালোবাসি। আমি রাতে ঘুমানোর আগে তোমার মুখটা দেখে ঘুমোনোর চেষ্টা করি। যে রাতে আমি তোমাকে দেখে ঘুমাই, আমার দু'চোখ জুড়ে থাকো শুধু তুমি-- আমার স্বপ্নে থাকো তুমি, চোখ খুলে, শয়ন কি জাগরণে সব সময় তোমাকে দেখি: তোমাকেই ভালো লাগে তোমাকেই বড় বেশি ভালোবাসি!
লিয়ন বলল:
--- কথা দাও কোনদিন আমাকে ছেড়ে যাবে না।
হঠাৎ নাতাশা বলে:
--- এ কথা কেন? প্রথম দিনেই.!
লিয়ন বলল:
--- কেন শুনবে? আমার এই ভালোবাসাতে ভীষণ ভয়। আমি বুঝতে শিখে কখনো বাবার আদর স্নেহ পাইনি। আমি জেনেছি বাপ্পী মাম্মীকে ছেড়ে চলে গেছে। আমার মাম্মীর অনেক কষ্ট! আমি চাইনা, মাম্মী-বাপ্পীর মতো আমার লাইফেও এমন কিছু ঘটুক। সত্যি আমি মরে যাব। তুমি নীল গোলাপ হবে? স্বপ্ন গুলো রংধনু প্রজাপতি ডানা হবে- কিংবা তুমি লাল, নীল গোলাপ হলে আকাশটা রংধনু সাত রং ডানা মেলবে মনের সুখে এ বুকের গহিনে; তুমি কবিতা হবে? তোমায় ছুঁয়ে.. ছোট্ট ছোট্ট শব্দগুলো ভাষা পাবে,
রচনাকাল: ০৬-১১-২০১৫ইং।
মন্তব্য করুন