[পর্ব: ০২]
স্নিগ্ধা হাসতে লাগল। অহনা স্থির চোখে ওর সেই হাসি দেখছিল। কি ভুবন ভুলানো মোহিনী হাসি ঠোঁটের বাঁকে খেলা করছে। স্নিগ্ধা অপূর্ব সুন্দরী সাথে যোগ হয়েছে মিষ্টি হাসি। মুহূর্তে অহনার ভাল লাগলো মেয়েটাকে।
ও বলল:
--- হাই! তুমি বেশ মজার মেয়ে তো। যাদু জান নাকি? এক পলকে আমাকেই কাবু করে ফেললে।
--- আচ্ছা স্নিগ্ধা সেই রহস্য শোন, জীবনের প্রথম ধাপে পথ চলতে যেয়ে বেশ হোঁচট খেয়েছি।
জড়তাও বোধ করেছি। সে অনেক সমস্যা। আমি তখন ক্লাস সিক্সে পড়ি। স্কুলে যাওয়ার পথে এক বখাটে দৌড়ে এসে আমার হাতে সিগারেটের পোড় খাওয়া অংশ ঠেসে ধরল। যন্ত্রণায় আমি কুঁকড়ে গেলাম। আর বখাটেটা দাঁত মেলে হাসতে হাসতে চলে গেল।
কি বিশ্রি ব্যাপার। ঘৃণায় শরীর রিরি করে উঠলো। ক্ষতটা শুকাইনি তখনো। দগ্ধ হওয়ার যন্ত্রণায় ভুগছি। আরেক দিন এক বখাটে আমার ওড়না ধরে টান মেরে দৌড়ে পালিয়ে গেল। একদিন হাতে চিমটি কেটে ভিড়ের মধ্যে হারিয়ে গেল।
--- ওদের এত উৎপাত কেন? ওদের কি ঘরে মা, বোন নেই? আচ্ছা ওরা কি আমাদের মানুষ মনে করে না? নাকি মেয়ে মানুষের কোন মূল্য নেই? সে জন্য মেয়ে মানুষ থেকে নিজেকে দূরে রেখেছি। এখন পথ চলতে কোন সমস্যা হয় না। ছেলেরা সরে যেয়ে পথ ছেড়ে দেয়। এখন আর কেউ চিমটি কাটার দুঃসাহস দেখায় না। ভালো আছি।
--- সাব্বাস স্নিগ্ধা, তুমি সাহস করে আধুনিকতার রহস্য উন্মোচন করতে চাইলে। তোমাকে অসংখ্য ধন্যবাদ।
স্নিগ্ধা বলল:
--- তোমার মত সাহসী অহনাদের প্রয়োজন আছে। আমাদের সচেতন হতে হবে। কেউ আমাদের পাশে এগিয়ে আসবে না। এটা আমাদের সমস্যা, কাজেই আমাদের মোকাবেলা করতে হবে।
--- কিন্তু স্নিগ্ধা, আমি ভাবছি অন্য কথা। মেয়েদের জীবন একটা ধারালো অস্ত্র বিশেষ, সান দেয়া লাগে না। ছোঁয়া লাগলেই কাটার ভয় থাকে। মেয়ে মানুষকে সে ভাবেই তৈরি করা হয়েছে। পথে পা বাড়ালেই ওদের বিপদ অনিবার্য।
স্নিগ্ধা বলল:
--- অহনা তুমি যে সমস্যা ফেইস করেছ সেটা ইভটিজিং। ইভটিজিং যন্ত্রণা মেয়েদের জীবনে ডাল ভাতের মত হয়ে গেছে।
পত্র পত্রিকার পাতায় অহরহ কিশোরী আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। কত নিষ্পাপ কিশোরীর প্রাণ গেল, কত কিশোরীর লেখা-পড়া বন্ধ হল। কত কিশোরী পড়া লেখা বন্ধ করে ঘরে বসে আছে। এসব দেখার কোন লোক নেই।
অহনা বলল:
--- প্রত্যেকটা মেয়ে যদি অগ্নি বারুদ হয়ে বিস্ফোরণ ঘটাতে পারতো, তাহলে বখাটেরা বাপ শুদ্ধ পালানোর পথ খুঁজে পেত না।
স্নিগ্ধা অবাক হয়ে বলল:
--- তুমি দারুণ বলেছ তো। আমি এমন করে ভাবিনি। ইভটিজিং এর বিরুদ্ধে আমাদের কিছু করা দরকার।
অহনা বলল:
--- আমি কলেজ থেকে পলিটিক্সে দাঁড়াচ্ছি। ছেলেদের পক্ষে, জয়ী হলে আমার প্রথম প্রজেক্ট হবে ইভটিজিং নিয়ে। ইভটিজিং এর বিরুদ্ধে সামাজিক ভাবে গণ আন্দোলন গড়ে তুলে আমাদের রুখে দাঁড়াতে হবে। তুমিও আমার সঙ্গে কাজ করবে।
স্নিগ্ধা কৌতূহলী হয়ে বলল:
--- ভেরি ইন্টারেস্টিং - মানুষ তো তুমি।
অহনা একচোট হাসলো। বলল:
--- শুধু মানুষ নয়, বলো মেয়ে ছেলে, আসলে মেয়েদের কি কখনো মানুষ ভাবা হয়....। মানুষ সেতো একচেটিয়া পুরুষ মানুষ।
স্নিগ্ধা মজা করে বলল:
--- এই তোমাকে অহনা না বলে আকারটা ফেলে দিয়ে শুধু অহন বলে ডাকলে তুমি যথার্থই ছেলে মানুষ হয়ে উঠতে।
--- মানে?
(চলমান……)
রচনাকাল: ০৮-১২-২০১৬ইং।
মন্তব্য করুন