আজ ভোরটা একটু অন্য রকম নান্দনিক
সে কথা বলতেই হবে…
গোলাপ পাপড়িতে বিন্দু বিন্দু শিশির,
কিংবা সবুজ ঘাস ঠোঁটে উপচে পড়া সকালের মায়াময় রোদ্দুর:
সময়ের প্রয়োজনে হয়তো অবাধ অরণ্যে বেড়ে ওঠা
সবুজ প্রকৃতিও সব সময় সুন্দর হয়,
আর আমি ততটাই নীরব নিঃশব্দ,
বুনো স্বপ্নরা গতকাল আমাকে ছেড়ে গেছে—
আমার মন খারাপের সঙ্গী হলুদ বিকেল
এক মুঠো কষ্ট নিয়ে আমি একটা পার্কে বসে আছি,
পার্কটা মানুষশূন্য;
একমাত্র আমি ছাড়া..
তবে কি পার্কের মানুষগুলো আজ দূরের শহরে বেড়াতে গেছে?
ঘাসের উপর পড়ে আছে বিন্দু বিন্দু শিশির
একটা পাখি ঠোকর দিয়ে শিশির খেতে চাইছে,
পাখিটা জানে না,
এই এক ফোঁটা শিশির প্রকৃতির জন্য কতটা উপকারী
শিশিরের বুকে জমে আছে গোলাপের শত জন্মের কষ্ট!
এক পৃথিবী রোদ্দুরের গন্ধ অসংখ্য শালিকের ডানায়,
এ আমার এক জীবনের ভালোবাসার গল্প
এবং সাহিত্য শতাব্দী:
পৃথিবীটা অনেক সুন্দর,
তোমার মতো—-
তুমি যে জান্নাতি তাই!
বোকারা ভালোবাসে বারবার,
আমি ভালোবেসেছি একবার—
তাই তো আমি বড় বেশি স্তব্ধ!
আমি ভালোবাসি কত কিছুই
অতি চেনা আকাশ
বয়সী চাঁদ, পূর্ণিমা রাত
অপরিচিত সমুদ্র
নিঃসঙ্গ নীল নক্ষত্র,
পুরনো পৃথিবী আর.. আর…
শেষ বিকেলের ঠোঁটে লেগে থাকা এক মুঠো সাদা মায়ার উচ্ছ্বাস,
সন্ধ্যার গোধূলি, শ্রাবণ রাতের মেঘ বৃষ্টির খুনসুটি
নিঃসঙ্গ রাতের স্তব্ধতার শেষ মুহূর্ত..
রাত শেষে জ্যোৎস্নার অশ্রুত চোখে নীড়ে ফেরার নীল কষ্ট!
ভোরের আঙিনায় স্বপ্ন ভঙ্গের ব্যথিত এক শুকতারার গল্প;
তোমাকে আমি একটা বিকেল দিয়েছিলাম রঙহীন…
বড্ড এলোমেলো রোদ,
নিরুত্তাপ হাওয়া
তবু তুমি আমার প্রজাপতি মন ছুঁয়েছিলে:
অমোঘ ভালোবাসায় সেদিন চন্দনের ঘ্রাণে ভেসে গিয়েছিল উত্তরের পৃথিবীর অচেনা এক শহর!
জ্যোৎস্নার সাদা বারান্দায় হঠাৎ বৃষ্টির স্রোতে ভেসে যাচ্ছে কবিতার পঙ্ক্তি মালা;
জ্যোৎস্নার গহীন অরণ্যে সবটুকু সাদা মায়ার ছায়ানীড়ের–
আদ্যোপান্তে বাঁধতে চেয়েছ এক কবির স্বেচ্ছাচারী মন!
সদ্য ডুবে যাওয়া বৃষ্টির জলে
মাথা তুলছে নরম ঘাস,
নিবিড় রাত্রির দীর্ঘ অপেক্ষা শেষে
বিশুদ্ধ আগামী সোনালী ভোরের মতোই…
পুরো গল্পে একটা কবিতা লুকিয়ে আছে!
রচনাকাল: ২৬-০৭-২০১৫ইং।
মন্তব্য করুন