একটা কবিতা আবৃত্তি হবে
রোমান্টিক প্রেমের কবিতা,
কবি ওঠে এলেন মঞ্চে—-
কবি নীল আকাশ পেড়ে নিলেন
কবিতার ভাঁজে ভাঁজে,
নিমিষেই কবির কবিতা আকাশ ছুঁয়ে দিল,
নীল আকাশটা কবির হাতের মুঠোয় চলে এলো
কবির ভরাট দরদী সুললিত কণ্ঠের অদ্ভুত উচ্চারণ আমায় মুগ্ধ করেছে-।
আর আমার বাল্মীকি মন,
ভাবনার মহা সমুদ্রে কবিকে নিয়ে
হাবুডুবু খেতে লাগলো,
আমি পানকৌড়ি বিকেল বয়ে এনেছি,
কবির হৃদয় লেকে,
ডুব সাঁতার স্বপ্নরা ঢেউয়ে ঢেউয়ে
প্রজাপতি ডানা মেলেছে,
সবুজ পৃথিবীর প্রথম ভালোবাসার নীল সমুদ্রে!
এই মাত্র কবি কবিতায় উচ্চারণ করলেন,
মাধবীলতার মন ভেঙেছেন-
শেফালি তার হৃদয় দ্বারে টোকা দিয়ে ফিরে গেছে,
কোন এক ফাগুনে
শিউলি নাকি দারুণ অভিমানে সুইসাইড করেছে-
আর কত,
কবি যে মস্ত বড় খেলোয়াড়!
আমি ভাবছি কবিকে নিয়ে,
এই কবি কি কখন ও আমাকে ভালোবাসবে,
নাকি তসলিমা নাসরিনের “ নিমন্ত্রণ “
উপন্যাসের নায়ক মনসুরের মতোই,
আমার মন নিয়ে খেলতে চাইবে
প্রশ্নটা কবিকেই করবো ভাবছি,
ঠিক তখনই কানে ভেসে এলো,
কবির সুললিত কণ্ঠের উচ্চারণ,
আমি হাসনাহেনা দারুণ ভালোবাসি;–
আমার আর জানা হলো না কবির কাছে,
কে সে…?
সেকি আমি
নাকি শুধুই ফুল..!
কবিতা আবৃত্তি শেষ হলো,
থেকে গেল তার রেশ
কিন্তু, আমার মনে,
তোলপাড় করে ফিরছে
এক মহাজাগতিক প্রশ্ন!
রচনাকাল: ০৫-১০-২০১৫ইং।
মন্তব্য করুন