[পর্ব: এক]
গত তিনদিন ধরে একটানা বিরতিহীন বৃষ্টি হচ্ছে। চারিদিক অন্ধকারে ঢেকে আছে। আজ নিশাতের একটুও অফিসে যেতে ইচ্ছে করছিল না। আবহাওয়া খুব খারাপ। ঢাকা শহরের বেশির ভাগ স্থানগুলো এক হাঁটু জলের নিচে তলিয়ে আছে। নিশাতের অফিসে যেতে না চাওয়ার মূল কারণ জলাবদ্ধতা। ও অনিচ্ছা সত্ত্বেও অফিসে গেল।
অফিস থেকে বের হতে বিকেল পাঁচটা বেজে গেল। তখন মনে হল সন্ধ্যা হয়ে গেছে। সারাদিন বৃষ্টি হচ্ছে। আকাশে মেঘ গুড়গুড় করছে। কি জানি কখন আবার ভেঙে চুরে নামবে। ছুটতে ছুটতে স্টপেজে এসে বাস ধরার জন্য থামলো নিশাত। একটা গাড়ি এই মাত্র ছেড়ে চলে গেছে। ত্রিশ মিনিট পর পর এ লাইনে গাড়ি চলে। তার মানে গাড়ি ধরতে নিশাতকে এখনো আধা ঘণ্টা অপেক্ষা করতে হবে। কিছুটা বিরক্ত হয় নিশাত। ও একটা রিকশা খোঁজার চেষ্টা করে। কি আশ্চর্য! আশেপাশে একটা রিকশা, সিএনজি বা অটোরিকশা পর্যন্ত নেই।
দশ মিনিট পর, একটা রিকশা এদিকে এল। কিন্তু রিকশাওয়ালা একশো টাকা ভাড়া হাঁকলো। বেশ রেগে গেল নিশাত।
ও বলল:
--- এই খালি আপনার মাথা ঠিক আছে তো? ত্রিশ, চল্লিশ টাকার ভাড়া আপনি একশো টাকা চাইছেন কেন? বৃষ্টি দেখলে আপনারা খুব বেয়াড়া হয়ে ওঠেন। আর তখন দুর্ভোগে পড়তে হয় আমাদের মতো মধ্যবিত্ত সাধারণ যাত্রীদের।
রিকশাওয়ালা তার হলুদ দাঁত বের করে ফিক করে হেসে ওঠে বলে:
--- আফা... ও আফা অধৈর্য হইয়েন না। আপনেরে লইয়া যামু এই এক হাঁটু কাদা পানি ভাইঙ্গা আমারও তো কষ্ট হইবো। ভাড়া আমি বেশি চাই নাই। সন্ধ্যা আসন্ন প্রায়। ভাষানটেক থেকে মিরপুর-১৪, কম রাস্তা না আফা। আর বৃষ্টি কি কম বেয়াড়া হইছে কন? হেইতো লাফায়া লাফায়া নামতেছে। ঠিক আছে আফা আপনে আমারে আশি ট্যাকা দিয়েন। আর কোন কথা কইয়েন না আফা। উঠেন...
নিশাত কোন কথা না বাড়িয়ে রিকশায় ওঠে বসল। রিকশা চলছে। বৃষ্টি খুব জোরে শুরু হয়েছে। সাথে দমকা হাওয়া। রিকশার পর্দায় মানাচ্ছে না। নিশাত ভিজে একাকার হয়ে গেছে। বাসায় ফিরতে দেড় ঘণ্টা লেগে গেল। মায়ের সঙ্গে নিশাত এ বাসায় থাকে। ওর শরীর রিরি করছে। চারিদিকের পচা ডোবা পানিতে সে হেঁটেছে। নিশাত ওয়াশরুমে আধা ঘণ্টা ধরে সাবান, শ্যাম্পু আর স্যাভলন সহযোগে গোসল সেরে ফ্রেশ হয়ে ওঠে। এখন ওর মনটা বেশ ফুরফুরে লাগছে।
এক কাপ চা হাতে নিশাত ব্যালকনিতে এসে বসল। ও একবার আকাশের দিকে তাকাল। কালো মেঘে আকাশ ঢেকে আছে। তখনো বিরতিহীন ভাবে বৃষ্টি ঝরছে। হঠাৎ নিশাতের মনের ভেতর থেকে অন্য এক মন যেন কথা বলে উঠল….
"নিশাত, তুমি কি সায়ান খানকে ভুলে গেছ? কত বছর পর সায়ানের চিঠি হাতে পেয়েছ তুমি। অথচ কি লিখেছে সে চিঠিতে... একবারও কি তোমার পড়তে ইচ্ছে করছে না? সে কেমন আছে?"
নিশাত দুম করে বলে উঠল,
"ওতো আমাকে ভুলে গেছে। আমি কেন ওকে মনে রাখতে যাব? কখনোই না। যে চলে যাবার সে ঠিকই চলে গেছে। পুরনো দিনের হিসেব কষে আর কি লাভ? ওতো একা যাইনি সঙ্গে আমার মেয়েকেও নিয়ে গেছে। যে মেয়ে আমার হৃদয়ের একটা অংশ ছিল, অথচ সেই মেয়েকে ছাড়া আমিও এতটা বছর বেঁচে আছি কেমন করে?"
নিশাতের দু’চোখ জলে ভরে ওঠে। ওর একটুও ভালো লাগছিল না। কেমন হয়েছে মেয়েটা? কত বড় হয়েছে? নিশাত সামান্য উচ্ছ্বাসিত হলো।
"মুমু মামণি, তুই কি কখনো আমার বুকে ফিরে আসবি না? আমি জানি, তোর বাপী তোকে বলেছে, তোর মাম্মী আর বেঁচে নেই। মারা গেছে। সেটাই বলা স্বাভাবিক। আর এই ধারণা নিয়ে তুইও বড় হচ্ছিস। কিন্তু আমার ছেলে লিয়নকে আমি এমন কথা বলতে পারিনি। ওকে আমি সত্য কথা বলেছি। তোর বাপী আমাকে ছেড়ে স্বপ্নের দেশ আমেরিকায় চলে গেছে। কিন্তু তুই বড়ই হতভাগা রে লিয়ন, তোর জন্মের কথা তোর বাপীকে জানানো হয়নি। পাছে যদি সে তোকেও আমার বুক থেকে কেড়ে নিয়ে যায় সেই ভয়ে। তোর বাপী যখন চলে যায়, তুই তখন আমার গর্ভে একটু একটু করে বেড়ে উঠছিস। দেখতে দেখতে কতগুলো বছর পার হয়ে গেছে, লিয়ন আর সেই আগের মতো ছোট্ট খোকা বাবুটি নেই। সে অনেক বড় হয়েছে।
নিশাত মনে মনে বলে, “সায়ান খান লিয়ন তোমার ছেলে। কানাডায় থাকে। ও এমবিবিএস পাশ করে ডাঃ হয়েছে।”
নিশাত ওর অতীত দিনগুলোর কথা মনে করে কান্নায় ভেঙে পড়ে। ওর মনে অনেক দুঃখ জমে আছে। নিশাত অনেক কষ্ট করে ছেলে লিয়নকে আজকের এই অবস্থানে আনতে পেরেছে। সে জন্য নিশাত অনেক গর্ব বোধ করে। নিশাতের মায়ের জীবনটাও অনেক দুঃখ, কষ্টে ভরা। আর এই দুঃসাহসিক জীবনটা পাড়ি দেওয়া সে মায়ের কাছে শিখেছে।
যেদিন থেকে নিশাতকে মা-ছেলের সংসারের হাল ধরতে হয়েছিল, সেদিন তার পায়ের নিচে শক্ত কোন মাটি ছিল না। সায়ান চলে গেল। নিশাতকে তখন একটা চাকরির জন্য অফিসে অফিসে ধর্না দিতে হয়েছে। ক’ মাস পর অগ্রণী ব্যাংকে ওর চাকরি হল। তখন চাকরি পাওয়াটা ছিল দুর্লভ। নিশাতের এক রিলেটিভ ওই ব্যাংকের ম্যানেজার ছিলেন। উনার রেফারেন্সে চাকরিটা নিশাত পেয়ে যায়।
লিয়ন, মাম্মী আর নানুর কাছে তার ছোট বেলার অনেক গল্প শুনেছে। কিন্তু আজ অবধি সে জানে না তার একটা বড় বোন আছে। বোনটা তার বাপ্পীর কাছে। বড় বিষাদ মুখে নিশাত চেয়ার ছেড়ে ব্যালকনির গ্রিল ধরে দাঁড়ালো। দোতলার ঝুল বারান্দা একটানা বৃষ্টির টুপটাপ শব্দে মুখরিত হয়ে উঠেছে। বৃষ্টির এই শব্দটা আজ সারাদিন দু’কানে বাজছে নিশাতের। ক্ষণে ক্ষণে টুপটাপ বৃষ্টির এই একঘেয়েমি সুর কোলাহলহীন বাড়িটাকে বড় বেশি নির্জন করে তুলছে। নিশাতের আম্মা বাসায় নেই। পাশেই মামার বাসায় গিয়েছেন। রাতে চলে আসবেন। বাইরে ঝড় বৃষ্টি, দোতলায় নিশাত একা। নিঃসঙ্গতা আরও বেশি জেঁকে বসেছে নিশাতের মাঝে।
রচনাকাল: ০৬-১১-২০১৫ইং।
মন্তব্য করুন