বিদীর্ণ গগনে প্রলয়ংকরী অন্ধকার শীতার্ত রাত্রির সাদা ঠোঁট কেঁপে কেঁপে
পৃথিবীর শিহরণে জেগেছে চাঁদ, নক্ষত্র,
এক ফোঁটা শান্তির বৃষ্টির জন্য উন্মুখ পৃথিবী:
দু’ফোঁটা জলের জন্য তৃষ্ণার্ত এই আমি
অথচ আমি তখন ছিলাম শূন্যতায় পরিপূর্ণ;
এক আকাশ আগুনে পুড়ছিল আমার স্বপ্ন
কান্না ভেজা প্রাণ,—-
মধ্য আকাশে নীল নক্ষত্র শূন্য এক মন!
সম্মুখে দাঁড়িয়ে আছে দুই হাজার বিশ সাল
মহাকাল বর্ষ চক্রে ঘুরে ঘুরে
২০২০ সাল এল এবার; অবাক বিস্ময়ে!
পিছনে ফেলে এসেছি কতগুলো বছর
সুখ দুঃখের,
হেসে খেলে কেটেছে কত কত দিন, মাস, বছর…
ক্ষয়ে গেছে কত কত সময় কাল,
পিছনে পড়ে আছে ধূলিমাখা মলাট বন্দি অতীত;
সমুদ্র ছিল নিঃশব্দ, নীরব
আজ জীবন হয়েছে সমুদ্রের মতো উত্তাল
রোদের কান্না ভেসে গেছে বাতাসে—
অর্ধেক সময় জীবন থেকে চলে গেছে
আমি পড়ে আছি একাকীত্বের শূন্য বালুতটে:
অনেকটা খড়কুটোর মতো ভাসছি অথৈ সমুদ্রে;
বুকের ভেতর ধারণ করেছি এক পৃথিবী পাপ
ক’দিন বা এসেছি পৃথিবীতে….
চলে যাওয়ার সময় এসেছে
সাদা কাফনের ভাঁজে ভাঁজে কাঁদে মন দগ্ধচিত্তে:
বাকি জীবন অপঠিত থেকে গেল
প্রায় বিবর্ণ সময়;
২০২০ সাল বাজাবে বীণ….
আমার মতো লিখবে হয়তো আরও কত তরুণ্যের কবি,
কত দুঃখ কষ্ট সময়ের ভাঁজে ভাঁজে রেখেছি তুলে
আজ পাপ স্রোতে অশ্রু টলমল!
কষ্ট বিলাসী মন পুড়ছে অনুতাপের আগুনে
দগ্ধ মন;
বুকে ভাসে ফের বন্য বন্যা জল
সমুদ্র গর্জনে ভাসে জীবনের বিস্মৃত অতল!
অন্ধকার রাত্রির মতো ধেয়ে আসছে—
শতাব্দীর রুদ্র রূপ অদৃষ্টের পরিহাসে
ব্যথিত মন কেঁদে কেঁদে ভাসে দুঃখের নোনা জলে,
এসেছিলাম পৃথিবীতে ভালোবাসায় পূর্ণ এক জীবন নিয়ে শূন্য হাতে—
আত্মীয়-স্বজন পরিজনে কত মায়ায় জড়িয়েছি।
পারিবারিক বন্ধন আমাকে ভালোবাসতে শেখালো,
হায় সৃষ্টিকর্তা! তোমার কী ইচ্ছে জানিনা;
পৃথিবীতে আসা যাওয়ার মাঝে
ছোট্ট এক তিল জীবনে পাপের পাহাড় জমেছে
প্রভু তুমি ক্ষমা করো আমাকে….
ক্ষমা করো এই আমাকে—-
আজ ২০২০ সালে দাঁড়িয়ে লিখছি
মহাকাল বর্ষের এক যুগান্তকারী কবিতা:
আজি হতে শতবর্ষ পরের
২১২০ সালের পৃথিবীতে আমি আর বেঁচে থাকবো না;
থাকবে তো পৃথিবী, নক্ষত্র, চাঁদ, সূর্য
থাকবে আমার এ কবিতা, কবিতার প্লাটফর্ম!
অথচ আমি বারবার ফিরে আসতে চাই—-
এই কবিতার পৃথিবীতে
শতডানার গাংচিল গল্প হয়ে!
হয়তো নতুন ভোরে গোলাপ হয়ে ফুটবো,
নয়তো শিউলি হয়ে ঝরে পড়ার কান্নার কষ্ট সইবো!
এই তো জীবন….
তবু কিছু একটা হয়ে আসবো—-
টলমলে কালো দীঘির স্বচ্ছ জলে শ্যাওলা হয়ে ভেসে থাকব:–
এইখানে এই পৃথিবী আমার কত কত পরিচিত
মাথার ওপর এক আকাশ কত আপন!
নিবিড় রাত্রির ভাঁজে ভাঁজে কবিতার ছন্দ
কথা বলে;
মাধবী সন্ধ্যা
কিম্বা কামিনী রাত্রি,
স্নিগ্ধ ভোরে সবুজ ঘাসের সাদা ঠোঁটে ঘুমন্ত শিশিরের গল্প কী ভীষণ প্রিয়!
বকুল, কদমের ঘ্রাণে দুর্দান্ত ভালোলাগার কথা রেখে গেলাম,
আবার আমি আসব এ পৃথিবীতে মাইলের পর মাইল উড়ে আকাশ বুকে–
শঙ্খচিলের ডানায় রোদের গন্ধ মেখে।
২১২০ শতাব্দীতে দাঁড়িয়ে আমি পৃথিবীর কপাটে করাঘাত করব,
দ্বার খোল, দ্বার খোল… এই কে আছ পৃথিবীতে?
হয়তো ভিন্ন গ্রহের নক্ষত্র হয়েই আসব আমি জীবনানন্দ দাশের রূপসী বাংলার নীড়ে–
২১২০ শতাব্দীর কোন কবিতা লিখতে:
তখন কেমন হবে আমার প্রিয় বাংলাদেশ!
সোনার বাংলা হবে তো?
আমার বড় ভয় হয়…..
সকল দুর্নীতি আর হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে থাকে যেন আমার প্রাণ প্রিয় বাংলাদেশ,–
ভাল থেকো প্রিয় স্বদেশ, খুব ভাল থেকো!
রচনাকাল: ৩১-১২-২০১৯ইং।
মন্তব্য করুন