আমি নীরব- ভেবো না, বলার কিছু নেই,
আমার ভেতরেও এক পৃথিবী আছে।
শব্দেরা আজও খোঁজে হারানো ভাষা,
বুকের গভীরে জমে থাকে ক্ষত আর দীর্ঘশ্বাস।
ওরা ভাবে, আমার বুঝি অভিযোগ নেই,
অথচ নীরবতার নিচে প্রতিবাদের আগুন জ্বলে।
আমি চাই এই পৃথিবীর বিরুদ্ধে কথা বলতে,
উজাড় করে দিতে জমে থাকা কথাগুলো।
এই পৃথিবীর নিয়মকানুন আমার পছন্দ নয়,
অদৃশ্য কোনো শক্তির কাছে নত হতে পারি না।
বাইরের জগতের মোহ আর টানে না আমাকে,
যেখানে কেউ পায় না তার ন্যায্য অধিকার।
চারদিকে অন্যায়, অসংগতি আর লোভ,
প্রতিবাদের ভাষা হারিয়েছে যেন তার স্বর।
তাই আমি চুপ থাকি- ওরা ভাবে নির্বোধ,
কেউ শোনে না নীরবে জমে ওঠা ঝড়ের গর্জন।
আমি আমার ভেতরের পৃথিবীতে একা দাঁড়িয়ে,
তবু চাই কথাগুলো ছড়িয়ে পড়ুক বহুদূরে।
কিন্তু শব্দেরা আজ বড় অসহায়-
পৃথিবীর বিরুদ্ধে বলব কী, কোন ভাষায়?
তাই আমি নীরব- ভেবো না, বলার কিছু নেই,
আমার ভেতরেও একটি পৃথিবী আছে।
রচনাকাল: ০৯-১০-২০২৬ ইং।
লেখক: বাঁধন মৈত্র
শিক্ষার্থী: বাংলা বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ঢাকা কলেজ ক্যাম্পাস)
মন্তব্য করুন