সম্মান দিতে হলে উদার মানসিকতা লাগে, আর সেই মানসিকতা সবার থাকে না। কাউকে সম্মান জানানো মানে নিজেকে ছোট করা নয়; বরং নিজের ব্যক্তিত্ব, শিক্ষা ও মানবিকতার পরিচয় তুলে ধরা। অথচ সমাজে এমন কিছু মানুষ রয়েছেন, যাঁরা অন্যের কাছ থেকে সম্মান, সহযোগিতা ও স্বীকৃতি প্রত্যাশা করেন, কিন্তু নিজেরা অন্যকে যথাযথ সম্মান জানাতে কার্পণ্য করেন। ভুলে যান, সম্মান কখনো একতরফা প্রত্যাশার বিষয় নয়; এটি পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্যের বহিঃপ্রকাশ।
অর্থ, ক্ষমতা কিংবা প্রভাব দিয়ে সাময়িকভাবে মানুষকে কাছে টানা গেলেও আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করা যায় না। মানুষের প্রকৃত মর্যাদা তার পদ-পদবি কিংবা সম্পদে নয়; বরং তার কর্ম, ব্যবহার, চিন্তাধারা ও মানবিকতায়।
দুঃখজনক হলেও সত্য, সমাজে এমন মানুষও রয়েছেন, যাঁরা অন্যের ভালো কাজের প্রশংসা করতে জানেন না। কেউ সমাজের কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণ করলে কিংবা ইতিবাচক পরিবর্তনের জন্য এগিয়ে এলে তাঁকে উৎসাহিত করার পরিবর্তে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। অথচ একটি সুন্দর সমাজ গড়তে হলে ভালো কাজের স্বীকৃতি দিতে হবে, যোগ্য মানুষকে মূল্যায়ন করতে হবে এবং প্রতিভার বিকাশে সহযোগিতা করতে হবে।
পৃথিবীর সব মানুষ সব কাজে সমান দক্ষ নন। প্রত্যেকেরই রয়েছে নিজস্ব মেধা, প্রতিভা, জ্ঞান ও কর্মদক্ষতা। কেউ লেখনীর মাধ্যমে, কেউ সৃজনশীলতা দিয়ে, আবার কেউ নিজের কর্ম ও নেতৃত্বের মাধ্যমে সমাজে পরিবর্তন আনেন। তাই কারও যোগ্যতাকে অবমূল্যায়ন না করে তাঁর অবদানকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।
হাতের পাঁচটি আঙুল যেমন সমান নয়, তেমনি পৃথিবীর সব মানুষও এক রকম নন। একটি বাঁশঝাড়ে যেমন সোজা, বাঁকা, লম্বা ও খাটো- বিভিন্ন ধরনের বাঁশ থাকে, তেমনি সমাজেও ভালো-মন্দ, সৎ-অসৎ, উদার ও সংকীর্ণ মানসিকতার মানুষের বসবাস। তবে মানুষের প্রকৃত পরিচয় তার গুণ, কর্ম ও আচরণেই প্রকাশ পায়।
সমাজে এমন কিছু মানুষ আছেন, যাঁরা মনে করেন, তাঁরা কাউকে সম্মান না দিলে সেই ব্যক্তি কোথাও সম্মানিত হতে পারবেন না। এটি তাঁদের ভুল ধারণা। কারণ প্রকৃত সম্মান কারও ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে না; বরং দীর্ঘদিনের সাধনা, যোগ্যতা, সততা ও অবদানের মাধ্যমে অর্জিত হয়। কাউকে সাময়িকভাবে অবমূল্যায়ন করা গেলেও তাঁর সত্যিকারের অবদান মুছে ফেলা যায় না।
আবার কিছু মানুষ সামনে অত্যন্ত বিনয়ী ও প্রশংসামুখর হলেও আড়ালে কটূক্তি, সমালোচনা ও অপপ্রচারে লিপ্ত হন। অন্যের সাফল্যে আনন্দিত হওয়ার পরিবর্তে ঈর্ষান্বিত হন এবং ভালো কাজে সহযোগিতা না করে বাধা সৃষ্টি করেন। কেউ কেউ শুধু অন্যের কাছ থেকে সহযোগিতা নিতে চান, কিন্তু প্রয়োজনে অন্যের পাশে দাঁড়াতে চান না। অথচ অন্যকে ছোট করে কখনো নিজের মর্যাদা বাড়ানো যায় না। বরং উদারতা, সহযোগিতা ও ইতিবাচক মানসিকতাই মানুষের প্রকৃত পরিচয়।
জীবনের একটি বড় শিক্ষা হলো- সময় কারও জন্য অপেক্ষা করে না। আজ যাঁকে অবহেলা কিংবা উপহাস করা হচ্ছে, সময়ের পরিবর্তনে তিনিই হয়তো একদিন অনেকের অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন। আবার আজ যাঁর ক্ষমতা, অর্থ ও প্রভাব রয়েছে, কাল তাঁরও অন্যের সহযোগিতার প্রয়োজন হতে পারে। তাই কাউকে তুচ্ছতাচ্ছিল্য বা অসম্মান করা কখনোই উচিত নয়।
কথায় আছে, যে যতটুকু জলে নামবে, সে ততটুকুই ভিজবে। মানুষের কর্মের মধ্য দিয়েই তার পরিচয় ও মূল্যায়ন নির্ধারিত হয়। তাই অন্যের সমালোচনায় সময় নষ্ট না করে নিজের কর্ম, চরিত্র ও যোগ্যতাকে সমৃদ্ধ করাই শ্রেয়।
পরিশেষে বলতে চাই, পৃথিবীতে সবকিছু শক্তি, অর্থ কিংবা ক্ষমতা দিয়ে জয় করা সম্ভব নয়। অনেক কিছুই জয় করা যায় ভালোবাসা, শ্রদ্ধা, সহমর্মিতা ও উদার মানসিকতা দিয়ে। একটি সুন্দর সমাজ গড়তে হলে জ্ঞানী-গুণী ও প্রতিভাবান মানুষকে সম্মান করতে হবে, ভালো কাজের প্রশংসা করতে হবে এবং অন্যের অগ্রযাত্রায় বাধা না হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
মনে রাখবেন- সম্মান চাইলে সম্মান দিতে শিখুন, ভালোবাসা পেতে চাইলে ভালোবাসতে শিখুন। কারণ মানুষের প্রকৃত শ্রেষ্ঠত্ব অহংকারে নয়, বিনয়, যোগ্যতা ও মানবিকতায়।
লেখক: বিপ্লব জলদাস
কবি, শিল্পী, সংগঠক ও সাংবাদিক
প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী
বোয়ালখালী, চট্টগ্রাম।
রচনাকাল: ১০-১২-২০২৫ইং
মন্তব্য করুন