০৯ ও ১০.
মাওলানা উবায়দুল্লাহ জালালাবাদী ও মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী সিলেটের দুই বীর মুক্তিযোদ্ধা আলেম সহোদর আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী এবং মাওলানা উবাইদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী৷
১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ঐতিহাসক ৬দফা দাবি উত্থাপন করেন তখন থেকেই বঙ্গবন্ধুর সাথে সংগ্রামের পথে পথ চলা শুরু হয় মাওলানা উবায়দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী’র। শেখ মুজিব ৬দফা দাবি উপস্থাপনের পর অনেকেই সেটাকে ইসলাম বিরোধী আখ্যায়িত করে এর বিরোধিতা শুরু করে। তখন মাওলানা জালালাবাদীই প্রথম ৬দফার পক্ষে প্রকাশ্যে কলম ধরেন।
ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাত করতে গেলে বঙ্গবন্ধু তাকে জিজ্ঞেস করেন ৬দফায় ইসলাম বিরোধী কিছু আছে কিনা। তখন মাওলানা জালালাবাদী বলেন, ৬দফার মাধ্যমে আপনি পূর্ব পাকিস্তানের মানুষের ন্যায্য অধিকার প্রাপ্তির দাবি তুলেছেন এটাতো ইসলামের পরিপন্থী নয়ই বরং সহায়ক। কেননা ইসলাম ন্যায়ের ধর্ম। কাউকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে শোষণ করার পক্ষে ইসলাম নেই। সুতরাং ৬দফা ইসলাম বিরোধী নয়।
এরপর মাওলানা জালালাবাদী বঙ্গবন্ধুর নির্দেশ ও পরামর্শে সিলেটের মাওলানা ওলিউর রহমানকে সভাপতি করে ‘আওয়ামী ওলামা পার্টি’ গঠন করেন। এছাড়াও ‘ইসলামী বিপ্লবী পরিষদ’ গঠন করে তার মাধ্যমে ৬দফার সমর্থনে ‘শরীয়তের দৃষ্টিতে ৬দফা কর্মসূচি’ নামে বই লিখে হাজার হাজার কপি করে তা সর্বসাধারণের মাঝে বিলি করা হয়। ৬ দফা দাবির পক্ষে আলেম ওলামা ও সর্বসাধারণ মানুষের সমর্থন আদায়ের জন্য তারা চষে বেড়িয়েছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া।
আজকের বিশ্বস্বীকৃত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের শুরুটাও হয়েছিলো এই মাওলানা জালালাবাদীর কুরআন তেলাওয়াতের মাধ্যমে।
মুক্তিযুদ্ধের সংকটকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সকাল হতো মাওলানার তেলাওয়াতে। রেডিও পাকিস্তান থেকে প্রচারিত মুক্তিযুদ্ধবিরোধী সব ষড়যন্ত্রের সমোচিত জবাব দিতেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বসে।
__অথচ কেউ কেউ মাওলানাদের অবদান খুঁজে পায় না!
১১.
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: (১০ জুলাই ১৮৮৫ - ১৩ জুলাই ১৯৬৯) উপমহাদেশে মুসলিম ও বাঙালি জাগরণের পথিকৃৎ৷ বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপে ১৬ নম্বরে যার নাম৷ ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় মাওলানা ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন।
ভারতীয় উপমহাদেশে মুসলিম জাগরণ এবং বাঙালির চেতনা বিকাশের অগ্রদূত হিসাবে স্বীকৃত হয়েছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ। শিক্ষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ সর্বপ্রথম যুক্তি-তর্ক দিয়ে বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে বিবেচিত করার যৌক্তিকতা প্রতিষ্ঠা করেছিলেন।
তাঁর জীবদ্দশায় বাংলা ভাষার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। তাঁকে বলা হতো “চলন্ত এনসাইক্লোপেডিয়া”।
“কলকাতা মাদ্রাসার একটি ইউনিট তখন প্রেসিডেন্সি কলেজের সঙ্গে যুক্ত ছিল। সেখান থেকে এফ.এ. (বর্তমান এইচএসসি সমমান) পাশ করার পর ১৯১০ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তারপর তিনি এম.এ. এবং আইন পড়েন। ১৯২৮ সালে প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট লাভ করেন,” জানান মুহম্মদ তকিউল্লাহ।
ডক্টরেট শেষ করার আগেই তিনি গবেষণার কাজ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনার কাজ করেন ১৯২১ সাল থেকে। ১৯৪৪ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বাংলা ও সংস্কৃতের অধ্যাপক ও রিডারের দায়িত্ব পালন করেন।
__অথচ কেউ কেউ মাওলানাদের অবদান খুঁজে পায় না!
আল্লামা মাহমুদুল হাসান: (জন্ম: ১৯৫০) তিনি একজন বাংলাদেশি ইসলামি পণ্ডিত, হানাফি সুন্নি আলেম, শিক্ষাবিদ, ধর্মীয় লেখক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। বর্তমানে তিনি কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল হাইআতুল উলয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার আচার্য, গুলশান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, মাসিক আল জামিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক ও মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর। তিনি তাফসীরে বুরহানুল কুরআনের রচয়িতা।
__অথচ কেউ কেউ মাওলানাদের অবদান খুঁজে পায় না!
বিভিন্ন তথ্যানুসন্ধানে জানা যায়, এদেশের আলেম সমাজ মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে এমনকি এ দেশের স্বাধীনচেতা মানুষকে যুদ্ধে উদ্বুদ্ধ করণে অনেক কাজ করেছেন। তাঁদের মধ্যে মাওলানা আব্দুল মতিন চৌধুরী শায়খে ফুলবাড়ি (রহ.) সিলেট, মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.), মাওলানা হাবিব উল্লাহ (রহ.) সিলেট, মাওলানা লুৎফুর রহমান (রহ.) শায়খে বর্ণভী, সিলেট, শায়খুল হাদীস মাওলানা কাজী মু‘তাসিম বিল্লাহ (রহ.), শায়খুল হাদীস মরহুম তজম্মুল আলী (রহ.) সিলেট, মাওলানা আবুল হাসান (রহ.) যশোহর, মাওলানা আরিফ রাব্বানী (রহ.) ময়মনসিংহ, মুফতী মোঃ নুরুল্লাহ (রহ.) ব্রাহ্মণবাড়িয়া, মাওলানা শামসুদ্দীন কাসেমী (রহ.) ঢাকা, মাওলানা মোস্তফা আজাদ, ঢাকা প্রমুখ আলেমের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য৷
ভারত উপমহাদেশ পর্ব:
এভাবের গোটা ভারত উপমহাদেশের ইতিহাসে মুসলিম মাওলানা ও স্কলারেদের অবদান বিশেষ করে বৃটিশ বিরোধী আন্দোলন, জ্ঞান বিজ্ঞানে উৎকর্ষ সাধন ও স্বাধীনতার ক্ষেত্রে অবদান অপরিসীম৷ দেশ ও ধর্মের জন্য তখনকার যেসব মাওলানাদের ভূমিকা ছিল বিশ্ব নন্দিত নীচে তাদের কয়েকজনের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরলাম মাত্র৷
১২.
হাজী শরীয়তুল্লাহ: (১৭৮১-১৮৪০) বাংলার একজন ইসলামি সংস্কারক। তাঁর নামানুসারে শরিয়তপুর জেলার নামকরণ করা হয়েছে। বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন মাদারীপুর মহকুমাধীন (বর্তমানে জেলা) শ্যামাইল গ্রামের তালুকদার পরিবারে ১৭৮১ সালে তিনি জন্মগ্রহণ করেন। ১৭৯৯ সালে তিনি মক্কা গমন করেন এবং ১৮১৮ সালে বাংলায় ফিরে আসেন। দেশে ফিরে তিনি আরবের তৎকালীন ওহাবী আন্দোলনের অনুরূপ ইসলামি সংস্কার আন্দোলন শুরু করেন। ইসলামি পুনরভ্যুদয়ের সমর্থক, একজন সমাজ সংস্কারক এবং একজন জনপ্রিয় কৃষক নেতা হিসেবে তাঁকে চিহ্নিত করা যেতে পারে। এ সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কুশাসন, শোষণ ও অত্যাচারে বাংলার জনগণ অতিষ্ট ছিল। তিনি তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন যা পরবর্তীকালে ফরায়েজী আন্দোলন নামে পরিচিতি পায়।
হাজী শরীয়তুল্লাহর আন্দোলন সম্পর্কে জেমস টেইলর বলেন, “কুরআনকে অক্ষরে অক্ষরে পালন করাই ছিল ফরায়েজী আন্দোলনের উদ্দেশ্য।” একটি চমক দিয়েই ক্ষান্ত হওয়ার লোক ছিলেন না হাজী শরীয়তুল্লাহ। তিনি ধীরে ধীরে একটি স্থায়ী সাংগঠনিক কাঠামো গড়ার দিকে মনোনিবেশ করলেন। বিখ্যাত ঐতিহাসিক জেমস ওয়াইজের মতে, “শিরক ও বিদআত থেকে স্থানীয় মুসলমানদের রক্ষা করার ক্ষেত্রে হাজী শরীয়তুল্লাহই পূর্ববঙ্গের ইসলামের প্রথম সংস্কারক ও প্রচারক।” এ থেকেই বোঝা যায় ইসলামের খেদমতে শরীয়তুল্লাহর অবদান কত বেশি।
১৮৩১ সালে বাংলা প্রদেশে আর এক বীর স্বাধীনতাকামী শহীদ হলেন সম্মুখ সমরে। তিনি হলেন শহীদ তিতুমীর। তার পূর্ণনাম সাইয়েদ নিসার আলী তিতুমীর।
__অথচ কেউ কেউ মাওলানাদের অবদান খুঁজে পায় না!
১৩.
সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমীর: বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপে ১১ নম্বরে আছেন সৈয়দ মীর নিসার আলী তিতুমীর- (১৭৮২-১৮৩১) তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনের পুরোধা৷ তিনি ওয়াহাবী আন্দোলন এর সাথেও যুক্ত ছিলেন। তিনি অত্যারিত হিন্দু জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম ও তার বিখ্যাত বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আছেন৷ ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধরত অবস্থায় এই বাঁশের কেল্লাতেই তার মৃত্যু হয়।
তিতুমীরের প্রাথমিক শিক্ষা হয় তাঁর গ্রামের বিদ্যালয়ে। পরবর্তীকালে তিনি স্থানীয় একটি মাদ্রাসাতে লেখাপড়া করেন। ১৮ বছর বয়সে তিতুমীর কোরানে হাফেজ হন এবং হাদিস বিষয়ে পাণ্ডিত্য লাভ করেন। একই সাথে তিনি বাংলা, আরবি ও ফার্সি ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন। ১৮২২ সালে তিতুমীর মক্কায় হজ্জব্রত পালনের উদ্দেশ্যে যান। তিনি সেখানে স্বাধীনতার অন্যতম পথ প্রদর্শক সৈয়দ আহমেদ শহীদের শিষ্যত্ব গ্রহণ করেন৷ সেখান থেকে এসে (১৮২৭) তিতুমীর তাঁর গ্রামের দরিদ্র কৃষকদের নিয়ে জমিদার এবং ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে সংগঠিত হয়ে আন্দোলন শুরু করেন।
অথচ কেউ কেউ মাওলানাদের অবদান খুঁজে পায় না!
১৪.
মাওলানা কারামত আলী জৌনপুরী (রহ.): (১৮০০-১৮৭৩) বাংলাদেশ ও আসামে ইসলামের তবলীগ-প্রচারে বিখ্যাত পীর মাওলানা কারামত আলী জৌনপুরী (রহ.) তাঁর জবান ও কলম দ্বারা যে বলিষ্ঠভাবে জেহাদী ভ‚মিকা পালন করেন, এ দেশে ইসলাম প্রচারের ইতিহাসে তা এক স্বতন্ত্র অধ্যায়রূপে পরিগণিত হয়। তাঁর সমগ্র জীবনের ৭৫ বছরের মধ্যে তিনি ৫৭ বছর ইসলাম প্রচারে লিপ্ত ছিলেন। এই গোটা সময়টাই তিনি শিরক ও বেদাতের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকেন এবং অসংখ্য লোক এ ধর্মের দিকে আকৃষ্ট হয়ে পড়ে। তার রচিত বইয়ের সংখ্যা ৪০-এরও বেশি।
প্রথমে মাওলানা কারামত আলী জৌনপুরী (রহ.) তাঁর নিজের জেলায় ও তার আশপাশের এলাকায় যথা আজমগড়, গাজীপুর, ফয়েজাবাদ ও সুলতানপুরে ইসলাম প্রচার করেন। অতঃপর তিনি বাংলাদেশ ও আসামে ইসলাম প্রচারের উদ্দেশ্যে জৌনপুর থেকে কলকাতায় আসেন। তারপর তিনি বাংলাদেশ ও আসামের প্রায় সর্বত্র প্রচার তৎপরতায় লিপ্ত থাকেন। মাওলানা কারামত আলী জৌনপুরী (রহ.) এমন এক সময়ে প্রচারকার্যে আত্মনিয়োগ করেছিলেন, যখন বঙ্গ-আসামসহ গোটা হিন্দুস্থানে চলছিল ইসলামের করুণ অবস্থা। বেদাত, কুসংস্কার ও বিধর্মী প্রভাবে পরিপূর্ণ।
এ জন্য আধুনিক যুগের একজন প্রখ্যাত আরব লেখক হজরত মাওলানা কারামত আলী জৌনপুরী (রহ.)-কে সংস্কার, অসাম্প্রদায়িক, শান্তিপ্রিয় বলে আখ্যায়িত করে বলেন, ‘আমিলা আলা তাতহিরিল এতেকাদাতিল ইসলামিয়াহ আলআল হিন্দিয়াহ, মিনাল আদাতিল ও ছানিয়াহ।’
__অথচ কেউ কেউ মাওলানাদের অবদান খুঁজে পায় না!
১৫.
হুসাইন আহমদ মাদানি: (উর্দু: حسین احمد مدنی; ৬ অক্টোবর ১৮৭৯ -৫ ডিসেম্বর ১৯৫৭) তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামি পণ্ডিত ও ওলি, ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা।মুহাদ্দিস হিসেবে তিনি সর্বাধিক পরিচিত ছিলেন। তিনি একাধারে একজন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, দার্শনিক, সমাজ সংস্কারক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি আওলাদে রাসূল তথা মুহাম্মদের ৩৬ তম বংশধর ছিলেন। তিনি মাহমুদ হাসান দেওবন্দির শিষ্য এবং দেওবন্দ আন্দোলনের একজন আকাবির বা অনুসরণীয় বড় ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত। তিনি দারুল উলুম দেওবন্দের ৫ম সদরুল মুদাররিস বা প্রধান অধ্যাপক এবং জমিয়তে উলামায়ে হিন্দের ৩য় সভাপতি ছিলেন। তিনি অখণ্ড ভারতের পক্ষে ছিলেন। ইসলাম শাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্য ও অবদানের জন্য তাকে শায়খুল ইসলাম উপাধি দ্বারা সম্বোধন করা হয়। ১৯৫৪ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ পদকে ভূষিত করে।
__অথচ কেউ কেউ মাওলানাদের অবদান খুঁজে পায় না!
১৬.
সৈয়দ আহমদ বেরলভি (রহঃ): (১৭৮৬-১৮৩১) ভারতের একজন মুসলিম সংস্কারক এবং “নবী মুহাম্মদের পথ” (তারিকাহ মুহাম্মাদিয়াহ),নামে একটি তরীকার প্রতিষ্ঠাতা ছিলেন। ঊনবিংশ শতকের গোড়ার দিকে বাংলাসহ সমগ্র ভারতবর্ষব্যাপী এক সুসংগঠিত স্বাধীনতা আন্দোলন ভারতীয় মুসলমানদের দ্বারা পরিচালিত হয়েছিল। এ আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন সৈয়দ আহমদ শহীদ। তার আন্দোলনের উদ্দেশ্য ছিল বাংলা ভারতে একটি অখণ্ড ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তিনি মুসলমানদের কাছে আমিরুল মোমেনীন হিসেবে পরিচিত ছিলেন। তৎকালীন ভারতের উত্তর-পশ্চিম সীমান্তের অন্ধ্র প্রদেশ থেকে শুরু করে মর্দান পর্যন্ত এ বিশাল অঞ্চলে তিনি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসলামি শাসনব্যবস্থা চালু করেন।
দাওয়াত ও ইসলাহের মাধ্যমে মুজাহিদ সংগ্রহ করে সাইয়্যিদ আহমদ শহীদ ইংরেজ-বেনিয়াদের জুলুম-নির্যাতন থেকে উপমহাদেশের জনসাধারণকে মুক্তি দিতে সীমান্ত প্রদেশের দিকে আগ্রসর হোন।
সিন্ধু, কান্দাহার ও কাবুল হয়ে সীমান্ত অঞ্চলে তিনি স্বাধীনতার ঘাটি স্থাপন করেন। ১৮২৭ সালের ১০ জানুয়ারি সেখানে তিনি অস্থায়ী সরকার গঠন করেন। এই সরকারে প্রশাসন, অর্থ, সমর ও বিচার ইত্যাদি পৃথক পৃথক বিভাগ গঠন করেন। সায়্যিদ আহমদ অস্থায়ী সরকারের আমীর মনোনীত হোন।
__অথচ কেউ কেউ মাওলানাদের অবদান খুঁজে পায় না!
১৭.
মৌলানা উবাইদুল্লাহ সিন্ধি: (১০ মার্চ ১৮৭২- ২২ আগস্ট ১৯৪৪) তিনি ছিলেন ভারতের একজন জাতীয়তাবাদী নেতা ও স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক কর্মী। নেতাজী সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরুও ছিলেন এই সিন্ধি৷
উবাইদুল্লাহ সিন্ধি প্রথম বিশ্বযুদ্ধের সময় মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে অক্ষশক্তির সাহায্যে ভারতে একটি প্যান ইসলামি আন্দোলনের জন্য ভারত ত্যাগ করা নেতাদের মধ্যে অন্যতম। এই ঘটনা পরবর্তীতে রেশমি রুমাল আন্দোলন নামে পরিচিতি পায়।
রেশমি রুমাল আন্দোলন (তেহরিক-ই-রেশমি রুমাল) বলতে ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করার উদ্দেশ্যে ১৯১৩ থেকে ১৯২০ সালের মধ্যে দেওবন্দি নেতাদের কর্তৃক সংগঠিত আন্দোলনকে বোঝায়। এতে উসমানীয় সাম্রাজ্য, জার্মান সাম্রাজ্য ও আফগানিস্তানের সহায়তা নেয়ার পরিকল্পনা করা হয়। আফগানিস্তানে দেওবন্দি নেতা উবাইদুল্লাহ সিন্ধির কাছ থেকে পারস্যে অন্য আরেকজন নেতা মাহমুদুল হাসানের কাছে পাঠানো চিঠি উদ্ধারের মাধ্যমে পাঞ্জাব সিআইডি পরিকল্পনার কথা জানতে পারে। চিঠিটি রেশমের কাপড়ের উপর লেখা হয়েছিল বলে এই নামে এর নামকরণ করা হয়।
কর্মজীবনের প্রথমদিকে তিনি প্যান ইসলামি চিন্তাবিদ ছিলেন। তবে পরবর্তীতে তিনি প্যান ইসলামি চিন্তা থেকে সরে আসেন। দেওবন্দি উলামাদের নেতৃত্বে ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি একজন সক্রিয় সদস্য ছিলেন। উবাইদুল্লাহ সিন্ধি ১৯৪৪ সালের ২২ আগস্ট মৃত্যুবরণ করেন।
__অথচ কেউ কেউ মাওলানাদের অবদান খুঁজে পায় না!
১৮.
মাওলানা মাহমুদুল হাসান (শায়খুল হিন্দ): (১৮৫১-১৯২০) তিনি মাহমুদ হাসান বলেও পরিচিত৷ একজন দেওবন্দী সুন্নি আলেম। ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। তার প্রচেষ্টা ও পান্ডিত্যের জন্য কেন্দ্রীয় খিলাফত কমিটি তাকে “শাইখুল হিন্দ” উপাধি তে ভূষিত করে।
মাওলানা মাহমুদ হাসান ছিলেন বিদগ্ধ আলেমে দ্বীন, স্বাধীনতার এক মহান সেনানী এবং রেশমী রুমাল আন্দোলনের পুরোধা।
ভারতের স্বাধীনতায় মাওলানার অবদান এতো বিশাল যে তার আলোচনা ছাড়া স্বাধীনতার ইতিহাস অপূর্ণ থেকে যাবে। মোহনদাস করোম চাঁদ গান্ধীকে তিনিই সর্বপ্রথম মহাত্মা‘ উপাধি প্রদান করেন।
__অথচ কেউ কেউ মাওলানাদের অবদান খুঁজে পায় না!
১৯.
মাওলানা মুহাম্মদ কাসেম নানুতুবি: (১৮৩২-১৮৮০) মাওলানা কাসেম নানুতবী ছিলেন ইংরেজ আগ্রাসন প্রতিরোধের এক অকুতোভয় সিপাহশালার৷ তিনি ভারত উপমহাদেশের একজন প্রখ্যাত মুসলিম পণ্ডিতও ছিলেন৷ ইংরেজরা ভারতবর্ষ দখলে নেওয়ার পর যখন মুসলমানের অস্তিত্ব, দ্বীন ধর্ম ইংরেজদের ভয়ানক নিশানায় নিপতিত হয়। এমন পরিস্থিতিতে শামেলির ময়দানের অকুতোভয় বীর সেনানীর বেশে এগিয়ে আসেন নুনুতুবি, এবং মুসলমানের দ্বীন ধর্ম হেফাজতের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।
দ্বীনি তালিম ও তরবিয়াতের মাধ্যমে তিনি এমন বিপ্লব সৃষ্টি করেন যার উদাহরণ বিগত কয়েক শতাব্দীতে পাওয়া যায় না। তিনি সমগ্র বিশ্বে দারুল উলূম দেওবন্দের প্রতিষ্ঠাতা হিসেবে প্রসিদ্ধ।
মাওলানা কাসেম নানুতবী কয়েকটি শহরে মাদরাসা প্রতিষ্ঠা করেন,দেওবন্দে দারুল উলূম,মুরাদাবাদে মাদরাসায়ে কাসেমিয়া শাহী,গোলাহাটিতে মাদরাসা মানবাউল উলূম এবং আমরোহাতে মাদরাসা ও জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। সেখান থেকে আজ পর্যন্ত ইলমে দ্বীনের আলো ছড়াচ্ছে।
মাওলানা কাসেম নানুতবীর জীবনে অন্যতম অবদান দারুল উলূম দেওবন্দ প্রতিষ্ঠা। দারুল উলূম দেওবন্দ শুধু একটি মাদরাসাই ছিলোনা বরং ছিলো একটি মিশন,একটি বিপ্লব ও একটি আন্দোলন।
__অথচ কেউ কেউ মাওলানাদের অবদান খুঁজে পায় না!
২০.
মাওলানা আশরাফ আলী থানভী: (১৯ আগস্ট ১৮৬৩-৪জুলাই ৪ ১৯৪৫;) তিনি ছিলেন একজন দেওবন্দী আলেম, সমাজ সংস্কারক, ইসলামি গবেষক এবং পুরোধা ব্যক্তিত্ব। তিনি ভারতের থানাভবনের নিবাসী হওয়ার কারণে তার নামের শেষে “থানভী” যোগ করা হয়।[৪] ভারত উপমহাদেশ এবং এর বাইরেরও অসংখ্য মানুষ তার কাছ থেকে আত্মশুদ্ধি এবং তাসাওউফের শিক্ষা গ্রহণ করার কারণে তিনি “হাকীমুল উম্মত” (উম্মাহর আত্মিক চিকিৎসক) উপাধিতে পরিচিত। মুসলমানদের মাঝে সুন্নতের জ্ঞান প্রচারের জন্য তিনি দাওয়াতুল হক নামক সংস্থা প্রতিষ্ঠা করেন।
__অথচ কেউ কেউ মাওলানাদের অবদান খুঁজে পায় না!
(চলমান….)
রচনাকাল: ১৬-০৪-২০২১ইং।
দোহা, কাতার।
(তথ্যসূত্র: উইকিপিডিয়া ও সংবাদপত্র।)
মন্তব্য করুন