প্রিয় “খোয়াই”,
তোমাকে আমার ভীষণ মনে পড়ছে
আমার জীবনের প্রায় সকল বেলা
ফুরিয়ে যাবার বেলায়!
তাই তোমার কাছেই পাঠালাম
আমার খোলা চিঠিতে প্রশ্নগুলো।
চিঠিটা পাওয়া মাত্রই
উত্তর জানাতে ভুলে যেও না আবার!
আবার কি কখনো তোমার সাথে
দেখা হবে প্রিয় “খোয়াই”?
আবার কি কখনো তোমার বুকে
ঝাঁপিয়ে পড়া যাবে ইচ্ছে হলেই
সুবর্ণ শৈশবের দিনগুলোর মতো?
এখন তোমার বুক যেন
শীতের শীর্ণ নদীর মতোই!
আমারও তো বেড়েছে বয়স,
জীবনের সকল বেলা মনে হয় ফুরিয়ে গেছে,
শরীরে বেঁধেছে বাসা কতো রোগ
যত্ন করে তোমার মতোই!
তোমার পাড় ধরে আর কি
হবে হাঁটা স্নিগ্ধ সকালে কিংবা
ইচ্ছে হলেই কি আর সন্ধ্যাবেলায়
তোমার পাড় ঘেঁষে হাঁটতে হাঁটতে
তোমার সাথে একাএকা কথা বলা যাবে?
আর কি কখনো বন্ধু মুজিবের বাড়ি যেতে যেতে
তোমার পাড় ঘেঁষে লাগানো
সুমিষ্ট আখের স্বাদ নেওয়া হবে?
রচনাকাল: ১৩-০৮-২০২৫ইং।
মন্তব্য করুন