আমায় যদি পূর্ণ করো হবে শব্দ কম,
ভরিয়ে দিয়ে ডুব দিলে যে ফুড়ুৎ হবে দম!
আমার যদি পূর্ণ রাখো জীবন বাঁচে কভু,
জলধারা হতে আমায় দূরে রাখো তবু,
তোমার প্রয়োজনে আমি শব্দ করে যাই,
শূন্য থেকে শব্দ হাজার ভাবি বসে তাই।
কাকের জ্ঞানের কাছে, মানুষ মানে হার,
মনুষ্য বিবেক কভু বিবর্জিত তাঁর!
খালি রাখার অনেক মজা, অনেক রকম বাজে,
যতই বাজুক আবোলতাবোল, নেই তো কোন কাজে।
পূর্ণ করে না বাজালেও বাজনা তাঁরই বয়,
খালি কলস বাজে বেশি সর্বজনে কয়।
আমি ভাবি বেশ করেছি, হইনি মানব কভু,
মানবের চেয়ে ঢের সম্মান, কলসিতে যে তবু।
মানব হয়েও সবার নাকি নেই তো কোন লাজ,
শূন্য কলস বাজানোটাই তাঁদের আসল কাজ।
প্রয়োজনে আমায় দিয়ে ঘর বাড়িটা সাজায়,
শূন্য রেখে আমায় কেন এতো বেশি বাজায়?
তারপরও ভয় মনে, ভর করে যে মানব,
আমার জীবন নিয়ে খেলে মানব নামের দানব,
শূন্য কলস বাজাতে যেয়ে ঠিক সময়ে ক্ষয়,
পূর্ণ কলস যে বাজাবে জয় তাঁহারই হয়।
রচনাকাল: ০৮-০৮-২০২১ইং।
মন্তব্য করুন