হৃদয় অতলে তুই, এক দুঃখ পোষা ভুঁই
সব সীমানায় দখলদারি তোর
কোন দেশে তোর ধাম, তোর দুঃখ নাকি নাম?
তবুও নয়ন ঢাকছে তোরই ঘোর।
কেন তোর প্রেমেতেই পড়া? তোর স্বরূপেই গড়া
আমার আমি? পাইনি হাজার খুঁজে
বুঝি দুঃখ ভালোবাসি, তাই তোর জোয়ারেই ভাসি
আহ্ কী আবেশ গিলছি দু’চোখ বুঁজে।
আমি দুঃখের মাঠেই চরি, আর দুঃখ ফেরি করি
যোগ-বিয়োগের হিসেব বড্ড ভারি
তোকেই ছুঁতে চাওয়া, তোর পেছন করে ধাওয়া
তোর পরশেই প্রথম হওয়া, নারী।
আরে চোখ তো লোনা নদী, নয় বইলো নিরবধি
দুঃখ হলেও, সেটাও তো তোর দান।
আর জীবন ক’টা দিনে; নয় আরও কিছু ঋণে
জড়িয়ে হলো তৃপ্ত আকুল প্রাণ।
না, আর প্রশ্ন চিহ্নে নয়, সব শব্দ লিখুক “জয়”,
সব অজুহাত মর্মে থাকুক জমা
আজ মুগ্ধ হৃদয় মেলে, সকল দেয়াল ঠেলে
নয় দুঃখ মেখেই হলাম মনোরমা।
সুখ তো অচিন পাখি, সে ঠাহর কোথাও নাকি?
খুঁজতে ওরে একটা জনম ক্ষয়
তুই দুঃখ হয়েই থাকিস, শুধু আমায় পুষে রাখিস
সারা প্রাণে কেবল আমিময়।
আমি দুঃখ লেখা কবি, তুই একলা আমার হবি
কাঁদবো তোকেই চোখের কোণে মেখে
আয় প্রাণের সহচরী, চল দুঃখেরই ঘর করি,
পুতুল খেলার জীবন সামনে রেখে।
প্রকাশকাল: ২৫-০৬-২০২৫ইং।
মন্তব্য করুন