📰 লোড হচ্ছে...
🔴 LIVE

আর কতকাল.!? | এম. এল. আর. বিপ্লব

আর কত কাল হ্যাক হবে এই স্বাধীন বাংলাদেশ?
আর কত কাল ব্যাকআপ দেবে--সাধুর ছদ্মবেশ?
আর কত কাল এ মানচিত্রে
ফুটবে রুধির ফুল?
আর কত কাল রক্ত লাল এই
অমরাবতীর কুল?
আর কত কাল প্রবোধগাঁথা গাঁথবে অবোধ-হীন?
আর কত কাল সুবোধ রুধি শোধবে মাতৃ-ঋণ?
আর কত কাল শোকের মিছিল
বক্ষে গিরিখাদ?
আর কত কাল বাঁধতে হবে
চোরাবালির বাঁধ?
আর কত কাল লিখতে হবে বিয়োগ ইতিহাস?
আর কত কাল থাকতে হবে বারবনিতার দাস?
আর কত কাল লোহিত সুধা
করবে মাগো পান?
আর কত কাল মাতৃ ক্ষুধায়
পুত্র বলীদান?
কত রুধির তিয়াশ নিয়ে জন্মেছিস মা তুই?
লাল-সবুজের বুকে কত মৃত্যুকে আর ছুঁই?
আর কত কাল মুনিঋষির বিভোর তপোধ্যাম?
আর কত কাল ভরবে গোলা বর্গা চাষীর ঘাম?
আর কত কাল রইবে চাতক
চৈতি-সুরার তৃষায়?
আর কত কাল কাটবে সারস
অমোঘ অমানিশায়?
আর কত কাল  বৃন্দাবনটা  যপবে রাঁধা-রাঁধা?
আর কত কাল শকুন্তলা বইবে শোকের গাঁদা?
আর কত কাল গহীন রাতি
অধীন পাড়া গাঁয়?
আর কত কাল হাটতে হবে
আলোকনন্দা পায়?
আর কত কাল দ্রাক্ষা কলম খুঁজবে স্বাধীনতা?
আর কত কাল লাভার স্রোতে-লিখবে ইতিকথা?
আর কত কাল শব্দাক্ষরে
শবের স্তব-স্তুতি?
আর কত কাল শ্বাপদ ভ্রুণে
এই "মা"গর্ভবতী?
আর কত কাল ঘুরতে হবে ইতিবৃত্তের অগ্নিপথ?
আর কত কাল টানতে হবে সর্বনাশের অগ্নিরথ?
সময় যে আজ অসময়ে রুধির তৃষায় অধীর!
সারমেয়রা টানছে লাগাম, মহাবীর-রা বধির!
প্রশ্নেরা অাজ প্রশ্নবাণে বক্ষে করে পক্ষাঘাত!
সর্বনাশী অন্তনীলে আর কতকাল তুষারপাত!
আর কত কাল গড়বো মাগো উষ্ণ রুধির পিরামিড?
লাখো মমি চিবিয়েও কি, মিটেনি "মা" তিয়াশ-ক্ষিধ?

সংযোজন ও পরিমার্জন: ০৩-০৬-২০২০ইং।
প্রথম প্রকাশ: ২২-১০-২০১৯ইং।
ছাতক, সুনামগঞ্জ৷
বর্তমানে: দোহা, কাতার৷
লাইক: 0
পছন্দ: 0
মন্তব্য: 0
শেয়ার: 0
👁 পঠিত: 0 জন